২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ১৪ দলের দাবি দাওয়া খতিয়ে দেখবে

তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের দাবি দাওয়া খতিয়ে দেখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 12:00 AM

Updated : 26 Apr 2022, 04:03 PM

তাদের দাবির বিষয়ে বুধবারের মধ্যে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলেও সরকার আশা করছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ১১ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আলী আকবর খান বলেন, ‘‘আমরা তাদের দাবি দাওয়া খতিয়ে দেখবো এবং এ ব্যাপারে খুব দ্রুত তাদের অবহিত করা হবে’’।

রাত ৮টা ৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি একটানা রাত ১০ টা ১৫ মিনিট পর্যন্ত চলে। এতে নির্বাচন কমিশন সংস্কারসহ ১৪ দলের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।

১৪ দলীয় জোট উপদেষ্টাদের কাছে তাদের দাবি-দাওয়া ব্যাখ্যা করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক আব্দুল জলিল বলেন, “আমরা আমাদের দাবি-দাওয়া তাদের কাছে ব্যাখ্যা করেছি। তারা তা শুনেছেন এবং আমরা আশা করছি এই দাবি-দাওয়া তারা বাস্তবায়ন করবেন।”

আকবর বলেন, অবরোধ কর্মসূচির কারণে জনগণের দূর্ভোগ কমানোর ব্যাপারে বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়েছে।

তবে জলিল সাংবাদিকদের বলেন, ‘‘ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে”।

১৪ দলের প্রতিনিধি দলের সদস্যরা হলেন আব্দুল জলিল, তোফায়েল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শেখ ফজলুল হক সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, নূরুল ইসলাম ও এনামুল হক।

অপরদিকে চার সদস্যের উপদেষ্টা কমিটির সবাই আকবর আলী খান, সিএম শফি সামি, ইয়াসমিন মুর্শেদ ও মাহবুবুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা কমিটি মঙ্গলবার বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবে। এছাড়া কমিটি অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করবে।