২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতায় যুক্তরাজ্যের উদ্বেগ

বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ব্রিজেস সোমবার বলেছেন, বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতায় তার দেশ উদ্বিগ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 09:30 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আকবর আলী খানের সঙ্গে বৈঠক শেষে স্টিফেন ব্রিজেস সাংবাদিকদের বলেন, “আজকে (সোমবার) কী ঘটলো... রাজপথে এতজন বাংলাদেশী মারা গেল!”

তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক। এ সহিংসতা থেকে কেউ লাভবান হবে না।”

ভারপ্রাপ্ত হাইকমিশনার অর্থ উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক সহিংসতা, দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ব্রিজেস বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে আমি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আজকে যা ঘটেছে তাও আলোচনা হয়েছে। বাংলাদেশীদের জন্য দিনটি মোটেও শুভ ছিল না।” তিনি বলেন, ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা দেশটিকে আঁকড়ে ধরেছে। যুক্তরাজ্য বাংলাদেশের সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন।

ব্রিজেস বলেন, “আমরা এর একটি সমাধান চাই।”

রাজনৈতিক অচলাবস্থা নিরসনে যুক্তরাজ্য সরকার সহযোগিতা করবে কি না সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যকার দূরত্ব যুক্তরাজ্য সরকার কমিয়ে আনতে পারবে না।

বাংলাদেশকেই এ সমস্যার সমাধান করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম এবং তাদের আরও সময় ও পরিসর দরকার।

আকবর আলী খান সাংবাদিকদের বলেন, একজন ব্রিটিশ উপমন্ত্রী এ মাসেই বাংলাদেশ সফরে আসতে পারেন। ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে সেই সফরের ব্যাপারেও কথা হয়েছে বলে তিনি জানান।

অর্থ উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক সহিংসতার ব্যাপারে তারা জানতে আগ্রহী।”