২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র সচিব ও পুলিশ কর্মকর্তাদের অপসারণ দাবি করেছেন জলিল

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের অজ্ঞাতে সেনা মোতায়েনের ব্যাপারে প্রজ্ঞাপন জারি করার অভিযোগে স্বরাষ্ট্র সচিব এসএম জহুরুল ইসলামের অপসারণ দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের সমন্বয়কারী আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

এ ছাড়া কারওয়ান বাজারে অবরোধকারীদের ওপর বর্বরোচিত হামলার মাধ্যমে একজনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার জন্য ডিসি কোহিনুর মিয়ার অপসারণ ও তার শাস্তিও দাবি করেন তিনি।

দলের ধানমণ্ডি কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অবরোধের দ্বিতীয় দিনে কারওয়ান বাজারে হামলার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার তাদের নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।”

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, তিনি তার বিভিন্ন বক্তৃতার মাধ্যমে উস্কানি ছড়ানোর চেষ্টা করছেন। একইসঙ্গে বিএনপি নির্বাচন কমিশন সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাল্টা কর্মসূচি দিয়েছে। কারণ তারা জানে, ‘মিথ্যুক’ আজিজ না থাকলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না।

জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেহেতু সেনা মোতায়েনের ব্যাপারে কিছূ জানতেন না। তাই দেশবাসী জানতে চায় কোন অদৃশ্য সরকারের নির্দেশে স্বরাষ্ট্র সচিব এই প্রজ্ঞাপন জারি করেছিলেন।

অপরদিকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রথমদিনের মতো সোমবার তত্ত্বাবধায়ক সরকারের চেয়ারে বসে দায়িত্ব পালন করায় তাঁকে ধন্যবাদ জানান এবং তা অব্যাহত রাখার অনুরোধ করেন।

তবে তিনি রাষ্ট্রপতিকে স্মরণ করিয়ে দেন তিনি যেন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক প্রধানের কাজ গুলিয়ে না ফেলেন এবং ব্যক্তিগত কর্মকর্তাদের কোনো পরামর্শ গ্রহণ না করেন।

দীর্ঘ সংবাদ সম্মেলনে জলিল বলেন, সরকারি প্রশাসনে এখনও তেমন কোন গুরুত্বপূর্ণ সংস্কার ও রদবদল হয়নি। এখনও মন্ত্রিপরিষদ, সংস্থাপন এবং স্বরাষ্ট্র সচিবদের পরিবর্তন করা হয়নি।

তিনি ডিসি, এসপি, ওসি এবং মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে আমূল রদবদলের দাবি জানিয়ে বলেন, অন্যথায় অবস্থার কোন পরিবর্তন হবে না।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি দেশবাসীকে আরো দুই-তিনদিনের জন্য ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে ও ভোটাধিকার নিশ্চিত করার জন্য অবরোধ অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, অবরোধকালে তাদের ওপর হামলা যদি অব্যাহত থাকে তাহলে তা প্রতিরোধ ও প্রতিহত করার অধিকার তাদের রয়েছে।

সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, জাসদের হাসানুল হক ইনু প্রমুখ।