সময় নষ্ট না করে ১১ দফা মেনে নিন: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশন সংস্কারসহ ১৪ দলের ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে সোমবার অবরোধ কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে পুলিশী বাধা, হামলা এবং পুলিশ ভ্যান দিয়ে ধাক্কা মেরে দলীয় কর্মী আশিকুর রহমান ও ওয়াজিউল্লাহকে হত্যা করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “১১ দফা নিয়ে টালবাহানা ও সময় নষ্ট করে দেশকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেবেন না। জনগণের দাবি মানতে যতো বেশি সময় নষ্ট করা হবে সংকট ততো ঘনীভূত হবে। অন্ধকারে নিমজ্জিত হবে দেশ ও জনগণ ।”
নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসিনা বলেন, “ক্ষমতাসীন বিএনপি জামাত জোটের দুর্নীতি, লুটপাট এবং দুঃশাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ক্ষমতার বাইরে গিয়েও তারা রাষ্ট্রপতিকে দিয়ে সংকট সৃষ্টির চেষ্টা করছে।”
লাগাতার অবরোধ কর্মসূচির কারণে দেশের জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “কোনো ষড়যন্ত্রই জনতার বিজয় ঠেকাতে পারবে না।”
তিনি ১১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
