২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টির জন্য ১৪ দল দায়ী: মান্নান ভূঁইয়া

অবরোধের নামে সারাদেশে হত্যা, ভাংচুর ও অগ্নিসংযোগের জন্য বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলকে দায়ী করে বলেছেন, তাদের দাবির কাছে জনগণ জিম্মি থাকতে পারেনা। জনগণের স্বার্থে এই কর্মসূচি প্রত্যাহার করারও আহবান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

গুলশানের বাসভবনে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যারা নৈরাজ্য ও জন-জীবনে দুর্ভোগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটনোর দায়িত্ব আপনাদের।” তিনি শক্ত হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহবান জানান।

তিনি দাবি করেন, অবরোধের এই দুদিনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সারাদেশে ৪ দলীয় জোটের অর্ধশতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হত্যা করেছে। এছাড়া অনেকের বাড়ি লুটপাট, অফিস-ট্রেনে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে।

তিনি ১৪ দলের প্রতি এসব নৈরাজ্যকর কর্মসূচি প্রত্যাহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেন, অবরোধের কারণে বিভিন্ন পরীক্ষা স্থগিত হওয়ায় ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে। যানবাহন বন্ধ থাকায় দ্রব্যমূল্য এখন আকাশ চুম্বি।

বিএনপি মহাসচিব বলেন,আগামী মঙ্গলবার ৪ দল ঘোষিত কর্মসূচি ১৪ দলের পাল্টা কর্মসূচি নয়।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত কমিটির সাথে আপনারা বসবেন কি না ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ডাকলে আমরা আলোচনায় বসবো। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক।

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করেছে কারা ? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জন্য ১৪ দলই দায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, আব্দুস সালাম, মফিদুল হাসান তৃপ্তি প্রমুখ।