আরও ১০ বছর খালেদার নেতৃত্ব চাইলেন ‘জাতীয়তাবাদী পেশাজীবীরা’
আগামী দুই মেয়াদ অর্থাৎ ১০ বছর খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্বে দেখার ইচ্ছা পোষণ করেছেন ‘জাতীয়তাবাদী পেশাজীবী ও বুদ্ধিজীবী’ নেতারা।
তবে পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকাকালে তাঁর চারপাশে যারা ছিলেন, তাদেরকে দূরে রেখে যাদের ভাবমূর্তি ভাল সেসব নেতাদের কাছে রাখার অনুরোধ জানিয়েছেন তারা।
রোববার শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মতবিনিময়কালে জাতীয়তাবাদী সমর্থক পেশাজীবী নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা একথা বলেন।
রুদ্ধদ্বার এ অনুষ্ঠানে অনেকেই ক্ষোভ প্রকাশ করে তাদের ভাষায় গত পাঁচ বছরে সরকারের ‘ভুল সিদ্ধান্তগুলো’ তুলে ধরেন। কেউ কেউ বলেন, “বনানীর হাওয়া ভবন নিয়ে সাধারণ মানুষের ধারণা ভাল নয়। আপনার চারপাশে যারা এতোদিন ছিলেন, তাদের সম্পর্কে অনেক বদনাম আছে। এদের দূরে রাখুন। এরা অনেকে আপনার অজান্তে নানা কিছু করেছে। আপনাকে বিতর্কিত করেছে।”
বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সূত্রে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
একজন অধ্যাপক তাঁর বক্তব্যে বলেন, “আপনি এখনো দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী। আপনি আগামী ১০ বছর বিএনপির নেতৃত্ব দেবেন, আগামী নির্বাচনে সরকারে গেলে আপনিই প্রধানমন্ত্রী হবেন অথবা বিরোধী দলে গেলে আপনিই বিরোধী দলীয় নেতা হবেন-এবারের নির্বাচনে জনগণকে তা আশ্বস্ত করতে হবে। তবেই বিএনপি সংগঠিত শক্তি হিসেবে যেকোনো রাজনীতিকে মোকাবেলা করতে পারবে।”
অপর একজন পেশাজীবী নেতা অভিযোগ করেন, “যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, আপনার পাশে থেকে প্রচুর সম্পদের মালিক হয়েছে, তাদের এখন দূরে সরিয়ে দিন। সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের কাছে তাঁদের সম্পর্কে খুব খারাপ ধারণা জমাট বেঁধে আছে।”
বৈঠকে আগামী নির্বাচনের কর্মকৌশল প্রণয়নের জন্য দলকে পরামর্শ দিতে পৃথক ‘থিংক ট্যাংক’ গঠনসহ বিভিন্ন কমিটি করে দায়িত্ব ভাগ করে দেওয়ার পরামর্শ দেন পেশাজীবীরা।
পরে মতবিনিময় সভায় খালেদা জিয়া বলেন, “আমরা নির্বাচনের জন্য আপনাদের ভাল পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা চাই। এজন্য ৭-৮টি কমিটি গঠন করা হবে। আপনারাও সেগুলোতে থেকে পরামর্শ দেবেন।”
এ মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
