২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশে সামরিক শাসন চায় না: রিচার্ড বাউচার

বাংলাদেশে সামরিক শাসন আসুক, ওয়াশিংটন তা চায় না। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার শনিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাসনভার সামরিক সরকারের হাতে চলে যাওয়াটা ভালো কিছু হবে না। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল আকার নিলেও লক্ষ্য কিন্তু অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা-এ মন্তব্য করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, “কিন্তু সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে তা আমি জানি না। লক্ষ্য অর্জনে তা কোনও সহযোগিতাও করে না।”

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিদ্ধান্ত নিতে তত্ত্বাবধায়ক সরকারের ’আরও কিছু সময়’ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অনেক কিছু করার আছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হিসেবে এ সরকার বলতে গেলে এখনও তেমন কিছুই করেনি। নিশ্চিতভাবেই তাদের সামনে একটি বিরাট পরীক্ষা এসেছে এবং সবকিছু করার জন্য তাদের আরও সময় দরকার।”

দুদিনের সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে ঢাকায় পৌঁছেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের পাশাপাশি আসন্ন সাধারণ নির্বাচনের ওপর আলোকপাত করাও তার এ সফরের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সরকারের উচ্চপদস্থ এ কর্মকর্তা রোববার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। শনিবার তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

বাউচার বলেন, “অবাধ, সুষ্ঠু, শন্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে আমরা আগ্রহী, যে নির্বাচনে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারবেন।”

ভোটারদের আস্থাশীল করে তোলার জন্য সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশের ওপর গুরুত্বারোপ করে বাউচার বলেন, “এটাই আমাদের আগ্রহের বিষয়।”

দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা সম্পর্কে বাউচার আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দই সবকিছু করতে পারেন, তারাই উত্তেজনা ও সহিংসতার মাত্রা কমিয়ে আনতে পারেন।

প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের বিষয়ে প্রশ্ন করা হলেও বাউচার তা এড়িয়ে যান।

তিনি বলেন, আমি আশা করি সব দলই নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে। কারণ, জনগণ তাদের সিদ্ধান্ত বিশ্বাস করে থাকে।

নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে রোববার থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচির বিষয়ে প্রশ্ন করা হলে বাউচার বলেন, সব ধরনের প্রভাব থেকে নির্বাচন কমিশনের মুক্ত থাকা প্রয়োজন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কর্মকর্তাদের পুরোদমে কাজ শুরু করা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, “এটাকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে।”

বাউচার বলেন, নির্বাচন কমিশনের একটি বিশাল ভূমিকা রয়েছে এবং বাইরের যেকোন প্রভাব এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সতর্কভাবে তাদের এই দায়িত্ব পালন করা প্রয়োজন। কারণ অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত এই নির্বাচন শুধুমাত্র অবাধ ও নিরপেক্ষ দেখালেই হবে না, ভোটারদের কাছে নির্বাচনের ফলাফল বিশ্বাস ও গ্রহণযোগ্য হতে হবে।

মার্কিন কর্মকর্তা বলেন, তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান বলে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা তাকে বলেছেন।

তিনি বলেন, “একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারেন এমন অনেক ব্যক্তিই উভয় দলে আছেন বলে আমার ধারণা। তারা সম্মত হলে ও মতৈক্যে পৌঁছাতে পারলে সেটাই সবচেয়ে ভালো হয়।”

তিনি বিক্ষোভ ও রাজনৈতিক সমাবেশে শান্তি-শৃঙ্খলা উৎসাহিত করা এবং সহিংসতা ও সংঘর্ষ এড়াতে জনগণের প্রতি আহ্বান জানানোর জন্য রাজনৈতিক দলগুলোকে আনুরোধ জানান।

বাউচার বলেন, বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এবং আগামী যে সরকারই নির্বাচিত হোক না কেন এই সম্পর্ক অব্যাহত থাকবে।