২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটে যাওয়ার ব্যাপারে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত: এরশাদ

জাতীয় পার্টি কোনও জোটে যাবে না কি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সে ব্যাপারে আগামী ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শনিবার এ কথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

পার্টির বনানী কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা এবং সাবেক সাংসদদের নিয়ে শনিবার তিনি এক যৌথসভায় বসেন। এর আগে শুক্রবার যৌথসভায় সাবেক সামরিক শাসক বলেছিলেন, ১৫ নভেম্বরের মধ্যে তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

শুক্রবারের সভায় কেন্দ্রীয় নেতাদের অনেকেই ১৪ দলে যোগ দেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করা শুরু করলে এরশাদ এক পর্যায়ে বৈঠক স্থগিত ঘোষণা করেন।

এর আগে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটে যোগ দেওয়ার কথা বলে আসলেও গত সোমবার এরশাদ হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তনের কথা ঘোষণা করেন। শুক্রবার এরশাদের চার দলীয় জোটে যোগদানের কথা ছিল।

এ ব্যাপারে এরশাদ সাংবাদিকদের বলেছিলেন, “আগে আমি যা বলেছিলাম, তা দলের সিদ্ধান্ত ছিল না। আমি ভুল করেছিলাম।”

এরশাদ শনিবার বলেন, দল একটি ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছে এবং যেকোনও ভুল সিদ্ধান্ত দলের জন্য সামগ্রিকভাবে দুর্যোগ ডেকে আনবে।

তিনি বলেন, “দেশের জন্য আমরা সবকিছু করব। এমন কি, প্রয়োজনে আমরা শয়তানের সাথেও হাত মেলাব।”

সাবেক স্বৈরশাসক জোর দিয়ে বলেন, “দেশের ইতিহাসে আমরাই দেশকে সব চেয়ে উত্তম সরকার উপহার দিয়েছিলাম।”

জাতীয় পার্টি একাই নির্বাচনে জেতার জন্য যথেষ্ট। তবে প্রয়োজনে অন্যদের সাহায্য নেওয়া যেতে পারে বলে এরশাদ উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, কাজী জাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন।