২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানালেন হাসিনা

১৪ দলের মিছিল ও সমাবেশে হামলাকারীদের প্রতি সতর্ক থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

শুক্রবার দলের ধানমণ্ডি কার্যালয়ে ঢাকা মহানগর এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক বৈঠকে হাসিনা অভিযোগ করেন, “বিএনপি এবং জামায়াত জোট আমাদের মিছিল-সমাবেশে হামলার ষড়যন্ত্র করছে, সেদিকে নজর রাখবেন।” তিনি দ্বিতীয়বারের মতো বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে নিরপেক্ষতা প্রমাণের জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে হাসিনা বলেন, “নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনার হাতে এখনও পর্যাপ্ত সময় আছে।”

বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকারকে “রাষ্ট্রপতি শাসিত” বলে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তার উল্লেখ করে হাসিনা বলেন, “রাষ্ট্রপতি এখন কি করতে চান?”

এর আগে শুক্রবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের বলেছেন, বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে রাষ্ট্রপতি তাঁর নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হলে ১২ নভেম্বর থেকে দেশব্যাপী সড়ক, রেল ও নৌ পথে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হবে।

শেখ হাসিনা তাদের কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল প্রশ্নে হাসিনা বলেন, রাষ্ট্রপতি এক্ষেত্রেও তাদের দাবিমতো কাজ করেননি।