২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি ও ফিট লিস্টভুক্ত করুন: “বঞ্চিত” কর্মকর্তা

জনপ্রশাসনের “পদোন্নতি বঞ্চিত” কর্মকর্তারা জেলা প্রশাসকের জন্য ফিট লিস্ট তৈরির আগেই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক ডেকে “বঞ্চিত”দের জ্যৈষ্ঠতা প্রদানসহ পদোন্নতি এবং ফিট লিস্টভুক্ত করার জন্য সংস্থাপন সচিবের কাছে দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 05:04 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

দীর্ঘদিন ধরে “পদোন্নতি বঞ্চিত” সিনিয়র সহকারী সচিব আবু আলম শহীদ খান, ইব্রাহিম খান ও আলাউদ্দিন আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে পদোন্নতি বঞ্চিত প্রায় অর্ধশত কর্মকর্তা বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সাথে সাক্ষাত করে তাঁদের দাবিগুলো তুলে ধরেন।

তবে এ মুহূর্তে এসএসবির বৈঠক ডাকা ও সাক্ষাতকার গ্রহণে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে সোলায়মান চৌধুরী তাঁদের জানান। তবে ডিসি ফিট লিস্টে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের সুযোগ দেওয়া হবে বলে তিনি তাঁদের আশ্বস্ত করেন।

“বঞ্চিত” কর্মকর্তারা বলেন, প্রশাসনে প্রায় সহস্রাধিক পদোন্নতি “বঞ্চিত” কর্মকর্তা রয়েছেন। এদের মধ্যে ৮৪ ও ৮৫ ব্যাচের ৫০ জন করে মোট ১০০ উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে ডিসি ফিট লিস্টের জন্য শুক্র ও শনিবার ডাকা হয়েছে। অথচ ৮৪ সালের ব্যাচেই আরও ৩০০ কর্মকর্তা রয়েছেন যারা ডিসি হওয়ার যোগ্য। তাদের সবাইকেই ডিসি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।

তারা একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পদোন্নতি “বঞ্চিত” কর্মকর্তাদের জ্যৈষ্ঠতা প্রদানসহ পদোন্নতি, জ্যৈষ্ঠতার ভিত্তিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয়ার দাবি জানান।

তারা বলেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা হওয়া ওইসব ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভর করে না। কিন্তু এ কারণে কর্মকর্তাদের দলীয় অনুগত হিসেবে বিবেচনা করে গত সরকারের আমলে কোন একান্ত সচিব বা সহকারী একান্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়নি। অথচ ওই সরকারের এক মন্ত্রীর একান্ত সচিব বর্তমানে পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে ১০০ জনকে আগামী শুক্র ও শনিবার সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাতকারের ভিত্তিতেই তাদের ফিট লিস্ট করে পদায়নের উদ্যোগ নেওয়া হবে।