নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার রাখার জন্য সচিবদের আহ্বান জানালেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারিকে আসন্ন নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেছেন, “সবার সহযোগিতায় জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রেখে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমার দায়িত্ব সম্পন্ন করতে চাই। নির্বাচনী দায়িত্ব পালনে কোন ব্যত্যয় কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না, অনুকম্পারও কোন সুযোগ নেই।”
রাষ্ট্রপতি প্রশাসনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারিদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করারও আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অফিস করেন। এ সময় তিনি মন্ত্রিপরিষদের সভাকক্ষে জনপ্রশাসনের সকল সচিব ও সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে একথা বলেন।
বৈঠকে উপস্থিত সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ১০ জন তাদের বক্তব্য রাখার সুযোগ পান।
এরা হলেন-প্রধান উপদেষ্টার মুখ্য সচিব আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরী, স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম, নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার, বস্ত্র ও পাট সচিব ড. মাহবুবুর রহমান, বেসামরিক বিমান পরিবহন সচিব শহীদ আলম, অর্থ সচিব সিদ্দিকুর রহমান, পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন, বিদ্যুত সচিব আনহ আকতার হোসেন এবং ধর্ম সচিব আতাউর রহমান।
পরে মন্ত্রিপরিষদ সচিব আবু সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত জানান।
বৈঠকে নির্বাচন কমিশনের সচিব আব্দুর রশীদ সরকার আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে তার সচিবালয়ের প্রস্তুতির চিত্র তুলে ধরেন। এজন্য তিনি প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সহযোগিতা কামনা করেন।
তবে বস্ত্র ও পাট সচিব ড. মাহবুবুর রহমান জনপ্রশাসনের পদোন্নতি ও পদায়ণ বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়ণে পদক্ষেপ গ্রহণ ও সরকারি চাকরির বয়স বৃদ্ধির ব্যাপারে উদ্যোগ নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, কর্মকর্তারা তত্ত্বাবধায়ক সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবে। তবে সরকারকে নির্বাচনের আগেই পরিবহন ও জ্বালানী সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।
স্বরাষ্ট্র সচিব এসএম জহরুল ইসলাম বৈঠকে জানান, ভোটার তালিকায় বেশকিছু ত্রুটি রয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ওই তালিকাকেও সংশোধন করতে হবে। কারণ ভুল ভোটার তালিকা দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
এ সময় জ্বালানী সচিব ইরানের কাছে থেকে বাকিতে জ্বালানী তেল সংগ্রহের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
এ ছাড়াও বৈঠকে ধর্ম ও বিমান সচিব আসন্ন হজ মৌসুমে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে হাজীদের হজে পাঠাতে নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা অবহিত করেন।
এর আগে সচিবদের সাথে বৈঠকে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার ভাষণে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব হলো সংবিধানের ৫৮ঘ(২) অনুচ্ছেদ অনুযায়ী শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা দেওয়া। বর্তমান নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিকভাবে অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর।
রাষ্ট্রপতি বলেন, সংবিধান অনুযায়ী জনগণকে সার্বক্ষণিক সেবাদান প্রজাতন্ত্রের সব কর্মকর্তা ও কর্মচারির যেমন কর্তব্য, তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করাও সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য। এসব আদেশ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব সচিবদের। তাই সচিবদের আইনের প্রতি আনুগত্য, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়েও যেন সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন হয়, তাও নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রপতি তার ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়ে রাজনৈতিক দলের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “আমার পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি। তারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আমার ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়ে মহলবিশেষের মন্তব্য অনভিপ্রেত এবং রাষ্ট্রীয় দায়িত্বে হস্তক্ষেপের শামিল। রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে বিতর্কের উর্ধ্বে রাখতে হবে। অবাধ তথ্য প্রবাহের যুগে সবকিছুই স্বচ্ছতার সাথে পরিচালিত হচ্ছে। এখানে গোপনীয়তার কিছুই নেই, বিভ্রান্তিরও কোন সুযোগ নেই।”
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে অধ্যাপক ইয়াজউদ্দিন বলেন, “স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের মাধ্যমে আপনারা আপনাদের সুনাম অক্ষুন্ন রাখবেন, এটাই দেশ ও জাতির প্রত্যাশা। দলমতের ঊর্ধ্বে থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় এবং গণতন্ত্রকে সুসংহত করার প্রয়াসে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের নির্দেশ অনুযায়ী আপনারা নির্বাচন কমিশনকে সহায়তা করবেন।”
রাষ্ট্রপতি বলেন, “সবার সহযোগিতায় জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রেখে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমার দায়িত্ব সম্পন্ন করতে চাই। স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা আমার, আপনার সকলের পবিত্র দায়িত্ব। এ পবিত্র দায়িত্ব পালনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো, দেশবাসীকে একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব, এই হোক আমাদের অঙ্গীকার।”
