সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ঠেলে দেবেন না: রাষ্ট্রপতিকে জলিল
রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কের পথে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জলিল এ অভিযোগ করেন।
জলিল বলেন, “সশস্ত্র বাহিনীকে বিতর্কিত না করার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে অনুরোধ জানাচ্ছি।”
পাশাপাশি তিনি ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপতি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হলে সারাদেশে লাগাতার সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন।
জলিল বলেন, রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে নিরপেক্ষতার কোন বড় প্রমাণ দেখাতে পারেননি।
জলিল অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোটের স্বার্থ রক্ষা করতে রাষ্ট্রপতি একাই সব বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছেন। এক্ষেত্রে তিনি উপদেষ্টাদের মতামতকে একেবারেই গ্রাহ্য করছেন না। তিনি বলেন, রাষ্ট্রপতি বিএনপির এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন এবং জনগণের মতামতের বিরুদ্ধে সব কাজ করছেন। নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে জলিল বলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে অপসারণের জন্য রাষ্ট্রপতি কোনকিছুই করেননি। “ আজিজের অধীনে কোন নির্বাচনই হবে না” উল্লেখ করে জলিল বলেন, “রাষ্ট্রপতি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন”।
বুধবার সিইসির সঙ্গে বিএনপির সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের সাক্ষাত সম্পর্কে তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশনারের অধীনেই নির্বাচন হবে এটা বলার জন্য এম কে আনোয়ার কে?”
প্রসঙ্গত, বুধবার সিইসির সঙ্গে সাক্ষাত শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেছিলেন, “বর্তমান সিইসির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য রাষ্ট্রপতির নির্দেশের প্রশংসা করে জলিল বলেন, “বর্তমান প্রশাসনের ব্যাপক রদবদল না হওয়া পর্যন্ত অস্ত্র উদ্ধার অভিযান সফল হবে না।”
