২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ নভেম্বর রাবি ঘেরাও করবে ১৪ দল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াত-শিবির অস্ত্রের যে মজুত গড়ে তুলেছে ১১ নভেম্বরের মধ্যে তা উদ্ধার এবং ক্যাডারদের গ্রেফতার না করলে ১৪ দল জনগণকে নিয়ে ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

রাজশাহীর মহানগরীর সাহেব বাজারে বুধবার বিকেলে ১৪ দল আয়োজিত সমাবেশে ওয়ার্কার্স পাটির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এ ঘোষণা দেন।

সমাবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, রেস্ট হাউজ মিনু কিংবা বিএনপির সম্পত্তি নয়। রাজশাহীতে সংহতি দিবস পালনের জন্য সরকারি গাড়ি ব্যাবহার করেছে বিএনপি।”

১৪ দলের নেতাকর্মীরা বিকেল ৪ টায় নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন এবং পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা সাহেব বাজার বড় রাস্তায় সমাবেশ করেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খুরশিদ বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, জাসদের মহানগর সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী এবং ন্যাপ মহানগর সম্পাদক মোস্তাফিজুর রহমান খান।

সমাবেশে বক্তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ জামায়াত-বিএনপির বাইরে বেরিয়ে এসে নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন।

বক্তারা ১৪ দল নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ১২ নভেম্বর রাজশাহীর জিরো পয়েন্ট ১৪ দলের দখলে থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মজুতকৃত অস্ত্র যদি পুলিশ উদ্ধার করতে ব্যর্থ হয় তাহলে ১৪ দল জনগণকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে।