২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুর হত্যা মামলায় বুধবার সাক্ষ্য গ্রহণ হয়নি

আদালতে সাক্ষী হাজির না থাকায় মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যা মামলায় বুধবার সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 05:58 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঢাকার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন ২০০৭ সালের ৩১ জানুয়ারি।

বর্তমানে মামলাটির বিচারকাজ চলছে নগরীর নাজিমউদ্দিন রোডস্থ কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে। এ মামলায় ইতোমধ্যে মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বুধবার আদালতে মামলার অন্যতম অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদসহ অপর দুই অভিযুক্ত মেজর (অব.) কাজী এমদাদুল হক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামালউদ্দিন ভূঁইঞা হাজির ছিলেন।

তবে অপর দুই অভিযুক্ত মেজর জেনারেল (অব.) কাজী এমদাদুল হক ও মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফের বিরুদ্ধে মামলার বিচারকাজ হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

পরবর্তী সাক্ষী হিসেবে যাদের সমন পাঠানো হয়েছিল তারা হলেন-লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস হাসান খান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. কামাল, কর্নেল এজে তোফায়েল আহমেদ, নায়েব সুবেদার নূরুল ইসলাম ও সাবেক বিমান বাহিনী প্রধান সদর উদ্দিন।

বিচারক বুধবার এসব সাক্ষীসহ আরও পাঁচজনকে সমন পাঠিয়েছেন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পরের দিন পাঁচলাইশ থানা এলাকায় মেজর জেনারেল আবুল মঞ্জুরকে গ্রেফতার করে পুলিশ প্রহরায় হত্যা করা হয়।

এ ঘটনায় ১১ বছর পর তার সহোদর ব্যারিস্টার আবুল মনসুর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন।