রাষ্ট্রপতির কাছে ছাত্র সংগ্রাম পরিষদের ১০ দফা
ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ক্যাম্পাসে সকল সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ছাত্রদলের ক্যাডারদের গ্রেফতারসহ ১০ দফা দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান অধ্যাপক ইয়াজউদ্দিনের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে।
বুধবার দুপুর ২ টায় দেওয়া ওই স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, জোট সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর এবং ঢাকাসহ সকল সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদকে ছাত্র-জনতার কাছে নিরপেক্ষতার প্রমাণ দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, দলীয় বিবেচনায় পিএসসির নিয়োগ বাতিল ও পিএসসির চেয়ারম্যানের অপসারণ।
