নির্বাচন কমিশন সচিবালয়ের আশপাশে কড়া নিরাপত্তা, রাজধানী উত্তপ্ত
১৪ দলের অঙ্গ সংগঠন যুব সংগ্রাম পরিষদের নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও কর্মসূচি উপলক্ষে সেখানে বিডিআর, আর্মড পুলিশ ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর ফলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের আশপাশ অর্থাৎ আগারগাঁও থেকে বিজয় সরণী, পান্থপথ মোড় হয়ে মিরপুর রোড, রাসেল স্কয়ার, ধানমণ্ডির রাপা প্লাজা পর্যন্ত সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর প্রধান এ সড়কগুলো কার্যত অচল হয়ে যাওয়ায় পুরো রাজধানী জুড়ে এক ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।
আগারগাঁও, মিরপুর টেকনিক্যাল, আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণীর মোড়ে মোড়ে অসংখ্য পুলিশ সশস্ত্র অবস্থান নিয়েছে। মিরপুর রোডসহ বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। মহিলা পুলিশরাও তৎপর রয়েছে। ১৪ দলের যুব সংগঠনগুলোর মিছিলে মিছিলে ভরে গেছে এসব সড়ক। এসব সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় বসে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
মিরপুর রোড, পান্থপথ ও মানিক মিয়া এভিনিউ ঘুরে দেখা গেছে, লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানের উদ্দেশ্যে সরে যাচ্ছে। অভিভাবকদের উদ্বিগ্ন মুখে সন্তানদের স্কুল গেটে অপেক্ষা করতে দেখা গেছে। অনেক স্কুলই আবার নিরাপত্তার কথা ভেবে আগাম ছুটি দিয়ে দেওয়ায় অভিভাবকরা সন্তানদের নিয়ে কোনরকমে ফাঁকফোকর গলিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে বৃহস্পতিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরিষদের সদস্যরা ‘যা গেলি যা, আমার গলার কাঁটা’ প্ল্যাকার্ডে লিখে গলায় ঝুলিয়ে প্রতিবাদমূলক এ কর্মসূচি পালন করেন।
