অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার ৪১টি পদে রদবদল
জনপ্রশাসনের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার ৪১ কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদলের আদেশ জারি করা হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে ছয়জন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। বাকি ৩৫ জন যুগ্ম সচিবের মধ্যে ২১ জনই সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধক শেখ আলতাফ আলীকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলী করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজর এম মাসুদকে (অব.) নিপোর্টের মহাপরিচালক, মৎস্য উন্নয়ন করপোরেশনের মহাপরিচালক এএসএম রশিদুল হাইকে রসায়ন শিল্প করপোরেশনের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের সদস্য হাবিব উল্লাহ মজুমদারকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. গোলাম মোস্তফা তালুকদারকে কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন অর্থ বিভাগের যুগ্ম সচিব একেএম জাহাঙ্গীরকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলীর আদেশাধীন ঢাকার বিভাগীয় কমিশনার আব্দুল বারীকে জাতীয় পুষ্টি কার্যক্রমের নির্বাহী পরিচালক, কুমিল্লা বার্ড এর মহাপরিচালক নজরুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক, পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক কামরুল ইসলামকে কুমিল্লা বার্ড এর মহাপরিচালক, বিআইডব্লিউটিএ এর সদস্য সুনীল কান্তি বোসকে একই দপ্তরের চেয়ারম্যান, পাট অধিদপ্তরের মহাপরিচালক এমএম ইফতেখার ই আলমকে বিআরটিসির চেয়ারম্যান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসানকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পার্সো) অর্থনৈতিক উপদেষ্টা এনামুল হককে পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক, জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন বিমান পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুশফিকুর রহমানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব হিসেবে বদলির আদেশাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আখতার আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য ইবাদত আলীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম খানকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেছবা উল আলমকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পর্যটন করপোরেশনের পরিচালক হুমায়ুন খালিদকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে পাট অধিদপ্তরের মহাপরিচালক, ফখরুল ইসলামকে পর্যটন করপোরেশনের পরিচালক, আহমদ হোসেন খানকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, মেজবাহ উদ্দিনকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক, রণজিৎ কুমার চক্রবর্তীকে বিআইডব্লিউটিসির পরিচালক, মৃদুলা ভট্টাচার্যকে প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক, আয়েশা বেগমকে বিআইডব্লিউটিসির পরিচালক, আহমদ হোসেইনকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য, মোবাশ্বেরা বেগম ও শামসুল হুদাকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক, আব্দুল কুদ্দুসকে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সদস্য, এম আবিদুর রহমানকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক, শরীফ তৈয়বুর রহমানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য, শাহ মনসুরুল হককে স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, মনোয়ারা বেগমকে পর্যটন করপোরেশনের পরিচালক, নজরুল ইসলাম খানকে শিক্ষা মন্ত্রণালয়ে, এমএ আকমল হোসেন আজাদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, মোহাম্মদ ইকবালকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম সচিব নূরুন্নবী তালুকদারকে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও পটুয়াখালীর প্রাক্তন জেলা প্রশাসক ও ওএসডি যুগ্ম সচিব রফিকুল ইসলামকে ট্যারিফ কমিশনের সদস্য এবং কুষ্টিয়ার প্রাক্তন জেলা প্রশাসক ওএসডি যুগ্ম সচিব মইনুল হককে বিআইডব্লিউটিএ এর সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে।
