ভৈরবে আ. লীগ ও বিএনপি সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ, আহত অর্ধশতাধিক
ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মোটুপি গ্রামে মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১২ জন নেতাকর্মী গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় কাইয়ুম (২২), আবু হানিফ (৫২), আব্দুছ সাঈদ (৬৫), হুমায়ুন কবিরকে (৫৫), ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও এমদাদ (১৮), স্বপন (১৬), নূরুল হক (২২), মহরম আলী (৩২), কাউছার (১৬), মাহবুব (২০), সুমন (১২), বাচ্চু মিয়াকে (২৮) কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থক সাদেকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী আবু বক্কর ও বিএনপির সমর্থক সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর এই বিরোধ চরম আকার নেয়। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চেয়ারম্যান আবু বক্করের সমর্থকরা স্থানীয় কর্তা বাড়ির সামনে চায়ের দোকানে বসে থাকা তোফাজ্জলের সমর্থকদের ওপর অতর্কিতে গুলিবর্ষণ করে। এর জবাবে তোফাজ্জলের সমর্থকরাও পাইপগান ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বক্করের সমর্থকদের প্রতিহত করে। এ সময় সংঘর্ষে উভয়পক্ষের ১২জন গুলিবিদ্ধসহ আহত হয় অর্ধশতাধিক নেতাকর্মী। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আলম এ ব্যাপারে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
