২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মামলা, আসামী ৭ শতাধিক

বাগেরহাট পৌরসভাসহ সদর উপজেলার তিন ইউনিয়নে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে মোট ২৪টি মামলা করেছে। এসব মামলায় আসামী করা হয়েছে উভয় পক্ষের সাত শতাধিক নেতা-কর্মীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

চারদলীয় জোট ক্ষমতা হস্তান্তরের সময় ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে পৃথক চারটি সংঘর্ষের ঘটনায় এসব মামলা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ১১ টি এবং বিএনপি করেছে ১৩ টি মামলা। তবে এ পর্যন্ত শুধু আওয়ামী লীগ সমর্থক ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে করে প্রশাসন এখনো বিএনপির পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেককেই রাজনৈতিক উদ্দেশ্যে আসামী করা হয়েছে। তারা সংঘর্ষের সময় ঘটানস্থলেও ছিলেন না বলে জানা গেছে।

২৮ অক্টোবর বাগেরহাট শহরে, ৩০ অক্টোবর সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দে পাড়া বাজারে, ৩১ অক্টোবর ষাটগম্বুজ ইউনিয়নে এবং ৩ নভেম্বর বারুইপাড়া ইউনিয়নের উজলকুড় বাজারে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি মিছিল, হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নিহত হন এক যুবদল কর্মী ও আহত হয় অর্ধ শতাধিক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে সদ্য ক্ষমতা ছেড়ে আসা বিএনপি এখনও সুবিধা পাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে তারাই আগে মামলা করেছে।

বাগেরহাট সদর থানা ও আদালত সূত্র জানায়, ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপি মঙ্গলবার পর্যন্ত মোট ছয়টি মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের প্রায় তিন শ নেতা-কর্মীকে। ওই দিনের ঘটনায় আওয়ামী লীগও তিনটি মামলায় আসামী করেছে বিএনপির এক শ নেতা-কর্মীকে।

৩০ অক্টোবরের ঘটনায় বিএনপি ৫টি, আওয়ামী লীগ ৩টি, ৩১ অক্টোবরের ঘটনায় বিএনপি ২টি, আওয়ামী লীগ ৩ টি, ৩ নভেম্বর বারুইপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় উভয়পক্ষ ২ টি মামলা করে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মাহফুজুর রহমান (৫৪) জানান, শুধু রাজনৈতিক প্রতিহিংসার বশে তাকে আসামী করা হয়েছে। বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানও একই অভিযোগ করেন।

বাগেরহাট সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ষাটগম্বুজ ইউনিয়নে মারামারির ঘটনায় তাকে ও তার অপর তিন সহোদরকে আসামী করা হয়েছে। অথচ তারা কেউই ঘটনাস্থলে ছিলেন না।

একই ধরনের অভিযোগ পাওয়া গেছে বিএনপির পক্ষ থেকেও। জেলা বিএনপির সহ-সভাপতি আলী রেজা বাবু বলেন, ব্যবসা প্রতিষ্ঠান লুটের মামলায় তাকে উদ্দেশ্যমূলকভাবে আসামী করা হয়েছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম হায়দার বলেন, “প্রত্যেকের মামলা করার অধিকার আছে। আমরা বিতর্কিত হতে চাই না। তাই সবার অভিযোগ রেকর্ড করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের নামেই অভিযোগপত্র দেয়া হবে।”