রাষ্ট্রপতি নিরপেক্ষতার প্রমাণ এখনো রাখতে পারেননি: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এখন পর্যন্ত তার নিরপেক্ষতার কোনো প্রমাণ রাখতে পারেননি।
ধানমণ্ডিতে নিজ বাড়িতে স্কুল ও কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “গত সাতদিনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এমন কিছু করেননি যাতে তাঁকে নিরপেক্ষ বলা যায়”।
নির্বাচিত হলে তিনি কীভাবে শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন করবেন তারও একটি পকিল্পনা উপস্থাপন করেছেন হাসিনা।
শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির জন্য আলাদা কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়ে হাসিনা বলেন, “ক্ষমতায় যেতে পারলে স্নাতক পর্যায় পর্যন্ত আমি ছেলেমেয়ে সবার জন্য শিক্ষা অবৈতনিক করে দেবো”।
সারাদেশে শিক্ষা ব্যবস্থা অবৈতনিক করার ব্যবস্থা নিয়েও তার দল বিভিন্ন মডেল পর্যালোচনা করছে বলে হাসিনা শিক্ষকদের জানিয়েছেন।
বিএনপি-জামাত জোট সরকারকে শিক্ষক নিপীড়ক হিসেবে চিহ্নিত করে হাসিনা বলেন, গত সরকারের বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।
জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের ব্যানারে সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ১৪ দলের আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন। তারা সবাই ১৪ দলের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।
