তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেয়ার আটদিন পরও অস্ত্র উদ্ধারে সিদ্ধান্ত হয়নি
দায়িত্ব নেয়ার আটদিন পেরিয়ে গেলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে অস্ত্র উদ্ধার অভিযান শুরুর ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি তত্ত্বাবধায়ক সরকার। শিগগির অস্ত্র উদ্ধার অভিযান শুরুরও কোন সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এর আগে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনকে আগ্নেয়াস্ত্রের প্রভাবমুক্ত করতে অস্ত্র উদ্ধার অভিযান চালায় ব্যাপক আকারে ।
এর আওতায় নির্ধারিত সময়ের মধ্যে বৈধ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার এখনো এ ধরনের কেন উদ্যোগ নেওয়া হয়নি।
সদ্য বিদায়ী চারদলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শরীক দলের প্রায় ৩০ হাজার নেতাকর্মী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে বলে সংসদেই জানানো হয়েছিল।
এছাড়া বৈধ আগ্নেয়াস্ত্রের আড়ালে গোটা দেশে বর্তমানে লক্ষাধিক অবৈধ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে। এর অধিকাংশই রয়েছে সদ্য বিদায়ী সরকার সমর্থকদের হাতে।
এর আগের আওয়ামী লীগ সরকারের আমলেও দলীয় সমর্থক ও নেতাকর্মীদের প্রায় ৫০ হাজার বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়া হয়। কিন্তু জোট সরকার ক্ষমতায় আসার পর তা বাতিল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, লাইসেন্স বাতিল হলেও ওই সময়ে লাইসেন্সের মাধ্যমে সংগ্রহ করা আগ্নেয়াস্ত্রের বেশির ভাগই সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের জমা হয়নি। ফলে ওইসব অস্ত্রও অবৈধ হয়ে যায়। রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছে।
বিগত তত্ত্ববধায়ক সরকারগুলোর মতো বর্তমান তত্ত্বাবধায়ক সরকারও দায়িত্ব নেয়ার পর বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র জমা বা উদ্ধারে পদক্ষেপ নেবে বলে বিভিন্ন মহল থেকে আশা প্রকাশ করা হচ্ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের আটদিন পেরিয়ে গেলেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত এ বিষয়ে কোন আলোচনাও হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অর্থ উপদেষ্টা আকবর আলি খান সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ওপর গুরুত্বারোপ করে বলেন, অস্ত্র উদ্ধারের ব্যাপারে এখনো উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন আলোচনা হয়নি। ফলে এমন কোন সিদ্ধান্তের কথা আমার জানা নেই। তবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। তাদের সাথে এমন কোন আলোচনা হয়েছে কিনা, তাও জানা যায়নি।
এ ব্যাপারে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে এ বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়নি।
তিনি বলেন, গত সরকারগুলোর সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। কিন্তু এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। তাই সরকারকে স্বাভাবিক কর্মকান্ডের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা নিরসনেও কাজ করতে হচ্ছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সরকার অবশ্যই এ বিষয়েও পদক্ষেপ নেবে।
