প্রহসনের নির্বাচনে ১৪ দল অংশ নেবে না: প্রস্তুতি সভায় নেতারা
বিএনপি-জামায়াত জোটের সাজানো প্রশাসন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রহসনের নির্বাচন করার চেষ্টা করছে। ১৪ দল সেই নির্বাচনে অংশ নেবে না।
রাজধানীতে ওয়ার্কার্স পাটির কার্যালয়ে সোমবার মহানগর ১৪ দল আয়োজিত ‘নির্বাচন কমিশনের সংস্কারসহ আগামী দিনের আন্দোলন-সংগ্রাম বিষয়ে আলোচনা’ শীর্ষক যৌথ প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
তারা বলেন, সরকার সহজে আমাদের দাবি মানবে না। কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে।
সভায় বক্তরা আরো বলেন, আগামী ১১ তারিখের মধ্যে প্রশাসন, নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে নিরপেক্ষ না করা হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। আমাদের কথা স্পষ্ট; প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদেরকে অবশ্যই বিদায় নিতে হবে।
ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পদক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাশেদ খান মেনন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দিলীপ বড়ুয়া, ওবায়দুল কাদের, হাজি মো. সেলিম, অ্যাড. শফিকুর রহমান, সালাহ উদ্দিন বাদল, আব্দুর রাজ্জাক, ওমর আলী, সাহাবুদ্দিন, হারুন চৌধুরী প্রমুখ।
রাশেদ খান মেনন সেনাবাহিনীর উদ্দেশে বলেন, “জামায়াতের আমির সেনাবাহিনীর কাছে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু আমাদের সেনাবাহিনী সারা বিশ্বের সম্মান অর্জন করেছে। তারা নব্বইতে এরশাদের কথা শোনেনি, ছিয়ানব্বইতে খালেদা জিয়ার কথা শোনেনি।” তিনি এবারও কারো কথা না শোনার জন্য সেনা বাহিনীর প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, “ বঙ্গভবন, সচিবালয়, জেলা, উপজেলা এবং প্রশাসনের বিভিন্ন পদে বসে যারা হাওয়া ভবনের দালালি করছেন তারা সাবধান হয়ে যান। অন্যথায় ১১ তারিখের পর জনতার রোষ থেকে আপনারা কেউ রেহাই পাবেন না।”
হত্যা, সন্ত্রাস ও মিথ্যা মামলার প্রতিবাদে ৮ নভেম্বর বিকেল ৩ টায মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ ও ১০ তারিখে কামরাঙ্গীর চরে জনসভার নতুন কর্মসূচি ঘোষণা করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “ আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই দাবি আদায় করে ছাড়বো।”
