২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশীদের নির্বাচন পর্যবেক্ষক বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের পদত্যাগের দাবি জোরালো হওয়া সত্ত্বেও তিনি যথারীতিই তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী জানুয়ারীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশী পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সোমবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সভাপতিত্বও করলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 03:04 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া, মাহমুদ হাসান মনসুর, কমিশন সচিব আবদুর রশীদ সরকার, স্বরাষ্ট্র সচিব জহিরুল ইসলাম, তথ্য সচিব কামালউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিদেশী পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশে আসবেন সেই বিষয়ে বৈঠক হয়েছে। কিভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি।”

তিনি জানান, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পর্যবেক্ষকদের জন্য একটি ফরম দেওয়া আছে। ফরম পূরণ করে ভিসা নিয়ে পর্যবেক্ষকদের বাংলাদেশে আসতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, কতজন পর্যবেক্ষক আসবেন সে ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের নিরাপত্তার বিষয়ে এই বৈঠকে কোন আলোচনা হয়নি। পরে আরেকটি বৈঠক হবে। সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হবে।

নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার সাংবাদিকদের বলেন, “বিদেশী পর্যবেক্ষকদের নীতিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই নীতিমালায় যে বিষয়টি নতুন সংযোজন করা হচ্ছে তাহলো তাদের সঙ্গে যেসব বাংলাদেশী থাকবেন তারা যেন নিরপেক্ষ হন।”

তিনি আরও বলেন, “আমরা এবার তাদের অনুরোধ করবো তারা নিজ নিজ দেশের দূতাবাসের কাছে যে প্রতিবেদন দেবেন তার একটি কপি যেন আমাদের দেওয়া হয়।”

রিপোর্ট স্ক্যান করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এটা কখনই করা হয় না, এবারও করা হবে না।”