চোর ধরা পড়েছে: জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের দিকে আঙ্গুল তুলে রোববার বলেছেন যে চোর ধরা পড়েছে।
যারা এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের কর্মকাণ্ডের বিরোধীতা করেছিল তাঁরাই এখন তাঁকে রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে।
বিকেলে রাজধানীর লালবাগে এক সমাবেশে বক্তৃতাকালে জলিল বলেন, এম এ আজিজকে অবশ্যই অপারগতা প্রকাশে বাধ্য করা হবে। এ ব্যাপারে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদ যদি কোন রকম হেরফের করেন তাহলে তাঁকেও এমএ আজিজের পথ অনুসরণ করতে হবে।
সমাবেশে ১৪ দলীয় জোটের অন্যান্য নেতা বলেন, ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন কমিশন সংস্কারসহ অন্যান্য দাবি না মানা হলে লগি-বৈঠাসহ আবার আন্দোলনে নামা হবে।
