মুখ খুলছেন না এরশাদ
চার দলীয় জোটে যাওয়া বা না যাওয়া নিয়ে মুখ খুলছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। যাবো-যাচ্ছি করেও শনি, রোববার পার করে দেওয়ার পর এ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সোমবার দলের সংসদীয় দলের সভা ডেকেছেন তিনি।
এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের আসন্ন নির্বাচনে চারদলীয় জোটের টিকিট পাওয়ার ব্যাপারে বিএনপির সাথে কোনো বনিবনা হয়নি এখনো। আর এজন্যই শনিবার হাওয়া ভবনে চারদলের বৈঠকের সময় আনুষ্ঠানিকভাবে এরশাদ চার দলে তার তরী ভেড়াননি।
এরশাদ বিএনপি নেতাদের জানিয়েছেন, গত অষ্টম জাতীয় সংসদে তার দলের নির্বাচিত সংসদ সদস্যদের সাথে আগে তিনি এ ব্যাপারে পরামর্শ করবেন। তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্র জানায়, এরশাদ তার দলের পার্লামেন্টারি পার্টির বৈঠক ডাকতে পারেন ৭ নভেম্বর। জাতীয় পার্টির একাধিক নেতা নাম প্রকাশ না করে বলেন, নির্বাচনে চারদলের টিকিট দিয়ে জাতীয় পার্টিকে ‘ক্ষতিপূরণ’ দেওয়ার যে প্রস্তাব বিএনপির পক্ষ থেকে প্রথম পর্যায়ে দেওয়া হয়েছিল তা থেকেও বিএনপির নীতি নির্ধারকরা এখন সরে গেছেন। এ ছাড়া ঢাকা-৯ এবং কুমিল্লা-১২ আসনসহ এরশাদের দাবিকৃত পছন্দের আসনগুলো তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারেও চারদলীয় জোট রাজি হয়নি।
উল্লেখ্য, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ ঢাকা-৯ এবং জামায়াতে ইসলামির নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা-১২ আসনের সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ কুমিল্লা-১২ এবং কাজী ফিরোজ রশিদ ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন লাভের জন্য দেন দরবার চালাচ্ছেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের অনেকেই এখন মনে করছেন, ১৪ দলের ১২ নভেম্বরের ডেডলাইন আগে শেষ হোক। তারপর জাতীয় পার্টি চারদলে যোগ দেবে কিনা তার সিদ্ধান্ত নিক। তাদের যুক্তি ডেডলাইন পার হয়ে যাওয়ার পর যদি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ ১৪ দলের দাবি পূরণে ব্যর্থ হন আর ওই অবস্থায় আওয়ামী লীগ যদি নির্বাচন বয়কট করে তখন জাতীয় পার্টির জন্য সুবিধা হবে। কারণ ওই অবস্থায় তারা কোনো জোট না করেই এককভাবে নির্বাচন করতে পারবে। যদিও এরশাদ শুক্রবার বলেছিলেন, আওয়ামী লীগ নির্বাচনে যাক আর না যাক; জাতীয় পার্টি চারদলে যোগ দেবেই।
