২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে ১৪৪ ধারা জারি করায় বিএনপির সমাবেশ পণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় বিএনপি ও বিএনপির অপর পক্ষ সমর্থিত যুবদল ও ছাত্রদলের কেউই সমাবেশ করতে পারেনি। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

মোরেলগঞ্জ থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মিঞা আব্বাস উদ্দিন রোববার বিকালে স্থানীয় পৌরপার্কে মৌলবাদ বিরোধী জাতীয়তাবাদী শক্তির এক সমাবেশ আহ্বান করেন। মোরেলগঞ্জ থানা বিএনপি সমর্থিত যুবদল ও ছাত্রদল সমাবেশ পণ্ড করতে ওই সভাস্থলের মাত্র ২৫ গজ দূরে চৌরাস্তা মোড়ে একই সময়ে ৭ নভেম্বর পালন উপলক্ষে এক কর্মী সমাবেশ আহ্বান করে। এ অবস্থায় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন সেখানে রোববার মধ্যরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার এ ব্যাপারে বলেন, মিঞা আব্বাস দলের উচ্চ পর্যায়ের নেতা। কিন্তু তিনি দলকে পাশ কাটিয়ে কোন অনুষ্ঠান করতে পারেন না।

এদিকে সাবেক সাংসদ মিঞা আব্বাস অভিযোগ করেন, এলাকায় তার পরিচিতি ও অবস্থান থাকা সত্ত্বেও বাগেরহাটের কতিপয় স্বার্থান্বেষী বিএনপি নেতা চান না যে, তিনি এই আসন (শরণখোলা-মোরেলগঞ্জ) থেকে এমপি প্রার্থী হন। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে মোরেলগঞ্জে সভা করার অঙ্গিকার ব্যাক্ত করেন।