সংস্কার ছাড়াই নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে কমিশন
সংস্কার ছাড়াই নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।
নির্বাচনের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে রোববার সাক্ষাত করার পর নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের কাছে এরকম ইঙ্গিতই দিয়েছেন। কমিশন সচিব এর আগে বৃহস্পতিবারও প্রধান উপদেষ্টার সঙ্গে এক দফা সাক্ষাত করেন।
কমিশন সংস্কার বা পুনর্গঠনের প্রশ্নে সচিব বলেন, “কে পদত্যাগ করবেন, আর কে বাদ যাবেন তা প্রধান নির্বাচন কমিশনার ও অপর তিন নির্বাচন কমিশনারের ব্যক্তিগত বিষয়। তবে কমিশনারদের পদটি সাংবিধানিক। সাংবিধানিক পন্থায়ই কমিশন নির্বাচন অনুষ্ঠানের কাজ চালিয়ে যাচ্ছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “দু দফা সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচনের অগ্রগতি জানতে চেয়েছেন। আমি তাকে বলেছি, নির্বাচন এসে যাচ্ছে। হালনাগাদ ভোটার তালিকা মুদ্রণের কাজ চলছে। এরপর চলবে কম্পিউটারে ভোটার তালিকার তথ্য সংযুক্তির কাজ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নির্বাচনের আগের দিন পর্যন্ত কম্পিউটারে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা সম্ভব। এটি একটি অব্যাহত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বাইরে ভোটার তালিকায় অন্যকিছু করার সময়ও নেই, সুযোগও নেই।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রপতি ভোটার তালিকা ছাপার কাজ বন্ধ রাখতে বলেননি, বরং হালনাগাদ ভোটার তালিকার অগ্রগতি জানতে চেয়েছেন। তাকে জানানো হয়েছে, আমরা আশা করছি, এ মাসেই ভোটার তালিকা ছাপার কাজ শেষ হবে।”
এদিকে কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এখনো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ঝুলতে থাকায় এ বিষয়ে সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে ছবিটি নামিয়ে ফেলার নির্দেশ দেন।
