২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে অপসারণে মানসিক চাপ দেওয়া হবে: আজিজুল হক

তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার ও বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা এম আজিজুল হক বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজকে অপসারণে মানসিক চাপ সৃষ্টি করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সচিবালয়ে বিমান মন্ত্রণালয়ের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় রোববার বিকেলে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার তিনি দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের কার্যালয়ে অফিস করেন। এ সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

রোববার তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়ে কাজ করেন বলে জানা গেছে।

উপদেষ্টা আজিজুল হক বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার একজন উপদেষ্টা সিইসি আজিজের সাথে পদত্যাগের ব্যাপারে কথা বলেছেন। কিন্তু তিনি পদত্যাগ না করার ব্যাপারে তাঁর পূর্বের সিদ্ধান্তে অটল আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিইসির পদ থেকে এমএ আজিজকে সরানোর জন্য মানসিক চাপ সৃষ্টি করা হবে। বিষয়টি নিয়ে এখন উপদেষ্টা পরিষদ সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলবেন। সংবিধান অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বিমান উপদেষ্টা জানান, আগামী হজ্ব মৌসুমে হাজীদের নিরাপদে ও যথাসময়ে হজে পাঠানোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে একটি বিমান লিজ নেয়া হয়েছে। আরো একটি বিমান লিজ নেয়ার প্রক্রিয়া চলছে। হজ্ব মৌসুম শুরু হওয়ার আগেই এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করা হবে।