২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি দশ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে: ১৪ দল

বিএনপি ও জামাত দশ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 04:11 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য তারা বিএনপির প্রতি আহবানও জানান ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি ১০ দফা দাবি তুলেছে, যাতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন না হয়। আর এভাবে ষড়যন্ত্রমূলক নির্বাচন করে তারা আবারো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজকে জাতীয় ও আন্তজার্তিকভাবে বির্তকিত ব্যক্তি হিসেবে অভিহিত করে জলিল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, দেশী ও বিদেশীরা ছাড়াও খোদ বিএনপির মন্ত্রীরাও প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

দলীয় ও দূর্নীতিমূলক কর্মকান্ডের সঙ্গে তিন নির্বাচন কমিশনার ও কমিশন সচিব জড়িত বলে উল্লেখ করে তিনি বলেন, চারদলীয় সরকার অসৎ উদ্দেশ্যে এদের নিয়োগ দিয়েছে।

এদিকে ১৪ দল আগামী ৮ নভেম্বরে সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে।

রাষ্ট্রপতির উদ্দেশ্যে জলিল বলেন, এখনও মনে হচ্ছে হওয়া ভবন থেকে নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি। তাঁর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত।

অবিলম্বে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি করে ১৪ দলের সমন্বয়ক প্রশ্ন করেন, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ১৪০০ কর্মকর্তাকে যখন বদলি করা হয়েছিল, তখন বিএনপি মহাসচিব মান্নান ভূইয়ার বিবেক কোথায় ছিল?

ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন সময়ে নিযুক্ত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের নিয়োগ বতিলের দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত এখনও বিএনপির পক্ষে মার্কিন সিনেট ও কংগ্রেসে ওকালতি করে চলেছেন।

বিএনপি-জামাতের রোষানলে পড়ে গত পাঁচ বছরে বহু কর্মকর্তা ওএসডি হয়েছেন। তাঁদের দ্বায়িত্ব দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, গত সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা কখনও নিরপেক্ষ হতে পারেন না।

অবরোধ ও তার পরবর্তী সময়ে ১৪ আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিই প্রথম এলডিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছিল।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন ও জাসদ নেতা হাসানুল হক ইনু।