২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি প্রভাবমুক্ত হয়নি বিটিভি’র সংবাদ: আওয়ামী লীগ

বিটিভি’র সংবাদ এখনও বিএনপি দলীয় প্রভাবাধীন এবং দলীয় লোকদের দ্বারা পরিচালিত্। আওয়ামী লীগ শনিবার এই অভিযোগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

রফিক জামান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 03:41 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এর নেতৃত্বে একটি মিডিয়া পর্যবেক্ষণ দল সম্প্রতি রাষ্ট্র মালিকানাধীন বিটিভি সহ বিএনপি নেতাদের মালিকানাধীন টিভি চ্যানেলগুলোর যাবতীয় কার্যক্রমের ওপর নজর রাখতে শুরু করেছে।

দলের নেতারা বলছেন, এ দল আগামী কয়েকদিনের মধ্যে একদল দক্ষ এবং পেশাদার লোকদের সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমগুলোকে পর্যবেক্ষণ করবেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক নূহ আলম লেলিনসহ দুইজন সিনিয়র নেতাও এ দলে রয়েছেন।

আসাদুজ্জামান নূর শনিবার বিডিনিউজ.২৪কম কে বলেন, বিটিভি শুক্রবার আওয়ামী লীগের আয়োজিত গুরুত্বপূর্ণ জনসভাকে বাদ দিয়ে বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূইয়ার সংবাদ সম্মেলনকে শীর্ষ সংবাদ হিসেবে প্রচারের মাধ্যমে আবারো প্রমান করেছে, ‘বিটিভি এখনও বিএনপি দলীয় লোকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে’।

“গুরুত্ব ভিত্তিতে শীর্ষ সংবাদ নির্ধারণ হওয়া উচিত। অথচ বিটিভি তা না করে উদ্দেশ্য প্রনোদিতভাবে বিএনপি কার্যক্রমকে বিশেষভাবে তুলে ধরছে।”

আওয়ামী লীগের পর্যবেক্ষণ দলের পক্ষ থেকে বলা হয়, “বিটিভি বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল দেখা করতে গেলে তা শীর্ষ সংবাদ হিসেবে প্রচার করে। অথচ তথাকথিত নিরপেক্ষতার নামে শুক্রবার আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ জনসভা শীর্ষ সংবাদ ছিল না।”

নাম প্রকাশে অনিচ্চুক এ টীমের এক সদস্য বলেন, “আমরা এখন থেকে বিএনপি নেতাদের মালিকানাধীন বেসরকারি চ্যানেলে সংবাদ মাধ্যমগুলোকে পর্যবেক্ষণ করছি। আমাদের পর্যবেক্ষণ ফলাফল জাতির সামনে তুলে ধরব।”

দলের সূত্রে জানা গেছে, এ বছরের শুরুর দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ওমর ফারুকের কাছে এক চিঠির মাধ্যমে জানতে চান কোন নীতিমালার ভিত্তিতে বিভিন্ন চ্যানেলের ফ্রিকোয়েন্সি দেওয়া হচ্ছে। একই চিঠিতে চ্যানেলগুলোর মালিকদের আয়ের উৎস জানতে চাইলেও এ ব্যাপারে তিনি কোন উত্তর পাননি।

সূত্র আরো জানায়, ২০০১ সালের নির্বাচনের পর সেন্টার ফর রির্সাচ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামে আওয়ামী লীগের সংবাদ মাধ্যম পর্যবেক্ষন ও গবেষনা সেল গঠিত হলেও ২০০৩ সালের আপারেশন ক্লিন হার্ট চলাকালে সেনাবাহিনী সদস্যরা ধানমন্ডি পাঁচ নম্বরের অফিসটিতে তালা লাগিয়ে দেয়। এখন পর্যন্ত অফিসটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে।