জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার ব্যবস্থা মহিউদ্দিন নিজেই নিচ্ছেন
বন্দরনগরীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরশেনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী শনিবার থেকে নিজেই ব্যবস্থা নিতে যাচ্ছেন।
লালদিঘি ময়দানে ১৪ দলীয় জোট আয়োজিত জনতার মঞ্চে বর্ক্তৃতাকালে মেয়র বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রেখে জিনিসপত্র বিক্রি করার জন্য কর্পোরেশনের সব ওয়ার্ডে মজুদদারদের প্রতি আহ্বান জানানো হবে।
মহিউদ্দিন বলেন, “তারা তা না মানলে আমরা তাদের গুদাম ঘেরাও করব। নামমাত্র দামে জিনিসপত্র বিক্রি করার ব্যবস্থা করবো।”
মেয়রের উপস্তিতিতে জেল হত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত জনতার মঞ্চে অন্যান্যের মধ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন, অধ্যাপক ড. গাজী সালেহউদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রতন কুমার রায় এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক দানু বক্তব্য রাখেন।
মেয়র তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপির ‘বি’ টিম বলে অভিহিত করেন। তিনি সাত দিনের মধ্যে প্রশাসনে ব্যাপক রদবদল করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।
