২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে আরও ৭ দিন সময় দিলেন হাসিনা

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে নিরপেক্ষতা প্রমাণের জন্য আরও সাতদিন সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এর অন্যথা হলে ১২ নভেম্বর থেকে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে সারাদেশ অচল করে দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

জেল হত্যা দিবস স্মরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে শুক্রবার বিকেলে পল্টন ময়দানে ১৪ দল আয়োজিত এক বিশাল সমাবেশে হাসিনা এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে নিরপেক্ষতা প্রমাণের জন্য আরও সাতদিন সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এর অন্যথা হলে ১২ নভেম্বর থেকে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়ে সারাদেশ অচল করে দেওয়া হবে।

জেল হত্যা দিবস স্মরণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে শুক্রবার বিকেলে পল্টন ময়দানে ১৪ দল আয়োজিত এক বিশাল সমাবেশে হাসিনা এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শেখ হাসিনা ঘোষিত সাত দিনের সময়সীমা ১০ নভেম্বর শেষ হবে। সেদিন শুক্রবার থাকায় পরের কর্মদিবস রোববার অর্থাৎ ১২ নভেম্বর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে সাধারণ সম্পাদক আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে ব্যাখ্যা করেছেন।

সমাবেশ উপলক্ষে ১৪ দুপুরের পর থেকেই পল্টন এলাকার চিত্র পাল্টে যেতে থাকে। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন, ব্যান্ড দল নিয়ে ও মাথায় টুপি আর ফিতা বেঁধে ১৪ দলের অঙ্গ সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে এসে জড়ো হতে থাকেন।

বিকেল সাড়ে তিনটার পর পল্টন এলাকা, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, রাজউক এভিনিউ, গুলিস্তান, মতিঝিল, বিজয় নগর, তোপখানা রোড, কাকরাইল কর্মী-সমর্থকদের পদভারে মুখরিত হয়ে উঠে। এসব এলাকায় দুপুরের আগে থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া এই সমাবেশকে ঘিরে রাজধানীতে এমনিতেই যানবাহন চলাচল ছিল অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত কম।

শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) মঞ্চের চারপাশে অবস্থান নেয়। তাঁর চারদিকে ছিলেন এসএসএফ এর কর্মকর্তারা।

সংবাদদাতা কৈলাস সরকার বলছেন, সমাবেশ স্থলে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি প্রথমদিকে নজরে এলেও জনতার বাঁধভাঙ্গা জোয়ারে শেষপর্যন্ত তা আর ধোপে টেকেনি। তবে পুরো রাজধানীতেই ছিল সতর্কাবস্থা। মোড়ে মোড়ে টহল দেয় ও তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর তাঁদের নিরপেক্ষতা প্রমাণের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তিনদিনের সময়সীমা বেঁধে দেয়। শুক্রবার এই সময়সীমার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশবাসীর নজর ছিল আজকের এই জনসমাবেশের দিকে।

১৪ দলের এই সমাবেশে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে গুরুত্বপূর্ণ ১১টি মন্ত্রণালয় রাখার সমালোচনা করে শেখ হাসিনা প্রশ্ন তুলে বলেন, রাষ্ট্রপতি নিজে কেন এতোগুলো মন্ত্রণালয়ের বোঝা কাঁধে নিয়েছেন? উপদেষ্টাদের হাতে দায়িত্ব দিয়ে দিন।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে শেখ হাসিনা বলেন, এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তবে তিনি স্পষ্টভাবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের অপসারণের দাবিও করেননি।

একইসঙ্গে শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীসহ পুলিশ ও র‌্যাব সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

হাসিনা বলেন, ‘আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি। পাঁচ বছরে যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের পাহারা দেওয়া আপনাদের কাজ না। জনগণের পাশে এসে দাঁড়ান।’

তিনি বলেন, ‘গত পাঁচ বছরে এরা চুরি করেছে, দ্রব্যমূল্য বাড়িয়েছে, বিদ্যুত সেক্টর নিয়ে দুর্নীতি করেছে। এদের পাহারা দেবেন না।’

‘আমরা ক্ষমতায় গেলে যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুযায়ী সশস্ত্র বাহিনী, র‌্যাবসহ প্রশাসন পরিচালনা করবো। কোনোরকম দলীয়করণ করা হবে না,’ শেখ হাসিনা বলেন।

পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কারও সংসারে অভাব থাকবে না।’

প্রায় আধা ঘন্টার বক্তব্যে তিনি গত পাঁচ বছরে চারদলীয় জোট সরকারের দুর্নীতি, অপশাসন, দলীয়করণ, বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, শিক্ষা, দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরেন।

একইসঙ্গে ওইসব ক্ষেত্রে তাঁর সরকারের আমলের সফলতা দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আগামীতেও ক্ষমতায় এলে আমরা জনগণের ভাগ্যন্নয়নে কাজ করে যাবো।’

দুর্নীতিতে বাংলাদেশের একের পর এক চ্যাম্পিয়ন হওয়ার কথা উল্লেখ করে হাসিনা বলেন, জোট সরকারের আমলে দেশ দুর্নীতিতে মাত্রা ছাড়িয়ে গেছে। সবাই কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। তিনি দুর্নীতি দমন কমিশনকে গত পাঁচ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান।

সমাবেশে তিনি জঙ্গিবাদের উত্থানের জন্য সরাসরি খালেদা জিয়াকে অভিযুক্ত করে বলেন, জঙ্গি উত্থানের হোতা কারা তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। তিনি সাজাপ্রাপ্ত জঙ্গিদের অবিলম্বে সাব-জেল থেকে কারাগারে স্থানান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, ‘জঙ্গিদের আবার নিরপেক্ষভাবে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক টিম এনে তদন্ত করতে হবে।’

শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে নানা প্রশ্ন তুলে ধরে বলেন, ‘তারা জনগণের সম্পদ লুট করেছে। ভাঙ্গা সুটকেসের মালিক এখন দুই কোটি টাকার গাড়ি চালায়। ১৮টি শিল্প কারখানার মালিক হয়। শেরাটন হোটেল থেকে আড়াই থেকে তিন হাজার টাকার খাবার এনে খায়।’

আওয়ামী লীগ সভানেত্রী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আমাদের বেঁধে দেওয়া সময়ে আপনার নিরপেক্ষতার প্রমাণ হয়নি। আমরা আরো সময় দিতে রাজি। তবে আমাদের এই সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ড. কামাল হোসেন, আব্দুল জলিল, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদসহ প্রমুখ নেতৃবৃন্দ।