২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির তোপের মুখে দুই উপদেষ্টা

সরকারি প্রটোকল লঙ্ঘন করে ধানমণ্ডির সুধা সদনে গিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করার কারণে তোপের মুখে পড়েছেন তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

তত্ত্বাবধায়ক সরকারের মূলনীতি নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করা এবং সরকারি প্রটোকল অনুযায়ী জাতীয় পতাকাবিহীন গাড়িতে করে যাওয়ার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। একই অভিযোগ তুলে তাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (জেএএফ)।

উল্লেখ্য, দুই উপদেষ্টা সুলতানা কামাল ও সিএম শফি সামি বৃহস্পতিবার রাতে সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেন, ‘দুই উপদেষ্টা সুধা সদনে নেত্রীর বাসভবনে গিয়ে নিরপেক্ষতা ক্ষুণœœ করেছেন। সরকারি প্রটোকল ব্যবহার না করে পতাকাবিহীন গাড়িতে করে ওখানে যাওয়ায় উপদেষ্টা দুজন গর্হিত কাজ করেছেন। আমরা রাষ্ট্রপতিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহবান জানাচ্ছি।’

অপর এক প্রশ্নের তিনি জানান, ‘দুই উপদেষ্টা কিভাবে গেছেন, তা বড় কথা নয়। তারা গর্হিত কাজ করেছেন। তাদের উচিৎ নিজেরাই পদত্যাগ করা।’

রাষ্ট্রপতি ব্যবস্থা না নিলে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘নইলে আমরাও কর্মসূচির কথা বিবেচনা করবো।’

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাঁর উপদেষ্টা পরিষদ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবেন।

মান্নান ভূঁইয়া উপদেষ্টা সুলতানা কামাল সম্পর্কে অভিযোগ করেন, ‘উনি ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যমঞ্চের মতো একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য।’

তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ধারণাই হচ্ছে উপদেষ্টারা হবেন দলীয় প্রভাবমুক্ত ব্যক্তি।’ ডা. সুফিয়া রহমানের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে মান্নান ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এটা আমাদের বিবেচ্য বিষয় নয়।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের অপসারণের দাবি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মান্নান ভূঁইয়া বলেন, ‘কোনো মন্তব্যের জন্য পদত্যাগ দাবি করাটা ঠিক নয়।’

বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়া রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে সংবিধান অনুযায়ী চলার পরামর্শ দিয়ে বলেন, ‘কারও হুমকি-ধামকিতে বিচলিত না হয়ে সংবিধান অনুযায়ী কাজ করুন। ওদের হুমকিতে ভয় পেলে আমরাও দেশের বৃহত্তম দল হিসেবে কর্মসূচি দিতে বাধ্য হবো।’

নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কিভাবে ঢেলে সাজাতে হবে, তা সংবিধানেই বলা আছে। সংবিধানে আছে, কমিশনের কাউকে পদত্যাগ করতে উপদেষ্টা পরিষদের অনুরোধ জানানো উচিৎ নয়। উপদেষ্টা পরিষদের কাজ হচ্ছে, নির্বাচন কমিশনকে অবাধ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করা।’

ড. খন্দকার মোশাররফ হোসেন সংবিধানের ১১৮ ও ১১৯ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, নির্বাচন কমিশনের কাউকে পদত্যাগ করার কোনো অনুরোধ অথবা সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদ নিতে পারেন না। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা।

এসময় অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমদ, ব্যারিস্টার আমীনুল হক, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অপর এক সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবীরা ফজলুল হককে অপসারণের দাবি ‘অনাকাঙ্খিত’ বলে সমালোচনা করেছেন। সেইসঙ্গে তারা দুই উপদেষ্টার সুধাসদনে যাওয়ার ঘটনায় তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।

আইনজীবী ফোরাম নেতা ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘দুই উপদেষ্টা একটি বিশেষ রাজনৈতিক নেতার বাড়িতে গিয়ে সাক্ষাৎ করায় সংবিধানের ৫৮ সি (৭) অনুচ্ছেদ অনুযায়ী তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং এ কারণে তারা উপদেষ্টার পদে থাকতে পারেন না। রাষ্ট্রপতিও আইন অনুযায়ী তাদের অপসারণ করতে পারেন।’

তিনি আরও বলেন, জাতীয় ঐক্যমঞ্চের উপদেষ্টা সুলতানা কামাল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা হারিয়েছেন এবং এ কারণে তার পদত্যাগ করা উচিত।

ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ বলেন, বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে নিয়োগ করে তার কাছে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের ক্ষমতা হস্তান্তরের দাবি অসাংবিধানিক।

তিনি আরও বলেন, ড. কামাল হোসেন এবং ব্যারিস্টার আমীরুল ইসলাম সংবিধানকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন এবং প্রধান উপদেষ্টার ক্ষমতা কোনো উপদেষ্টার কাছে হস্তান্তর করা যায় না।

অ্যাডভোকেট শাহ খসরুজ্জামান সংস্থার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে সব রাজনৈতিক দল এবং আইন বিশেষজ্ঞদের প্রতি সংবিধানের ভুল ব্যাখ্যা করা থেকে বিরত থাকার এবং তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) আক্রমণাত্মক আচরণের অভিযোগ এনে বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের পদত্যাগের দাবি জানানোর একদিন পরই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ দাবি জানালো।

বক্তারা ১৪ দলকে তত্ত্বাবধায়ক সরকারকে একটি মুক্ত ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হক, সিনিয়র অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইয়া, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন প্রমুখ।