পালিয়ে রক্ষা পেলেন সাবেক সাংসদ নাদিম মোস্তফা
পুঠিয়া উপজেলার বানেশ্বরে বৃহস্পতিবার বিকেলে সমর্থক এবং বিএনপি রক্ষা কমিটির ব্যাপক সংঘর্ষের ঘটনায় তাড়া খেয়ে কোনো রকমে পালিয়ে রক্ষা পেয়েছেন সাবেক সংসদ ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তফা। এসময় কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
রক্ষা কমিটি ও নাদিম সমর্থক এবং পুলিশের ত্রিমুখী ওই রক্তক্ষয়ী সংঘর্ষে এক পর্যায়ে বানেশ্বর ট্রাফিক মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত অর্ধশতাধিক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়েছে। সংঘর্ষের সময় ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বানেশ্বর বাজারে গণমিছিল ও সমাবেশের ঘোষণা দেন সাবেক সাংসদ নাদিম মোস্তফা। অন্যদিকে বুধবার বিকেলে নাদিম মোস্তফাকে অবাঞ্ছিত ঘোষণা করে রক্ষা কমিটি নাদিম মোস্তফার কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দেয়। কমিটির এ ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল।
বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব বানেশ্বর বাজার ঘিরে রাখে। বিকেল ৪ টার দিকে রক্ষা কমিটির নেতা ও চারঘাট উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি আবু সাঈদ চাঁদ কয়েক হাজার কর্মী-সমর্থক নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল করে নাদিম মোস্তফাকে প্রতিরোধের ডাক দেন। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
বিকেল ৫ টার দিকে বেলপুকুর থেকে নাদিম মোস্তফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বানেশ্বর কলেজ গেটের সামনে এলে রক্ষা কমিটির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ওই মিছিলে ইট-পাটকেল, লাঠি-সোটা, বল্লম নিয়ে হামলা চালায়। পুলিশ হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে নাদিম মোস্তফা ও তার কর্মীরা পালিয়ে যান। কমিটির কর্মীরা নাদিম মোস্তফাকে লাঠি নিয়ে তাড়া করেন। অবস্থা বেগতিক দেখে তিনি বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল বারী মুক্তার বাড়িতে আশ্রয় নেন।
নাদিম মোস্তফার সমর্থকরা দাবী করেছেন, তাদের প্রায় ৩৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। রক্ষা কমিটির নেতা ও জেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াজেুল আলম বাচ্চু জানান, তাদের প্রায় ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।
পুঠিয়া থানার ওসি এহতেশাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে মহাসড়কে যথারীতি যানবাহন চলাচল করছে।
