সহিংসতা থেকে বিরত থাকতে ইইউর আহ্বান
দেশের সব রাজনৈতিক দলের প্রতি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল অলি আহমেদের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রধান ফ্রাংক মাইক এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি এ আহ্বান জানান।
বৈঠককালে মাইক দেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংস পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। কর্নেল অলির ডিওএইচএস-এর বাসভবনে দেড় ঘন্টার বৈঠকে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ড. স্টেফা ফ্রোইনও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিং-এ মাইক বলেন, “আমরা মনে করি সাম্প্রতিক সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী। রাজনৈতিক কর্মীদের এ ধরণের সহিংস আচরণ অবশ্যই পরিত্যাগ করতে হবে।”
তিনি ২৬, ২৭ ও ২৮ অক্টোবরের সহিংস ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, এ ধরণের সহিসংসতা মেনে নেওয়া যায় না। এর দায় দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দের ওপরই বর্তায়। এখন থেকে যাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শণ করা হয় সেই বিষয়টি অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে এ ধরণের যে কোনো সহিংতাই অপরাধের শামিল।
কর্নেল অলি আহমেদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, “আমরা ইইউ প্রধানকে বলেছি খালেদা জিয়া ও তার দলের কর্মী সমর্থকরাই প্রথমে দেশজুড়ে এই সহিংস রাজনীতি শুরু করেন। আমরা যখনই এলডিপি গঠনের ঘোষণা দেই ঠিক তখন থেকেই বিএনপি সমর্থকরা এলডিপিতে যোগ দেওয়া নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো শুরু করে। তারা এলডিপি নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি ঘরেও আগুন লাগিয়ে দেয়।”
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ একই সঙ্গে এতগুলো দায়িত্ব নিতে পারেন না। কারণ তিনি অসুস্থ্য ছিলেন এবং চিকিৎসকদের পক্ষ থেকে তাকে বিশ্রামে থাকারও পরামর্শ দেয়া হয়েছিল।
কর্নেল অলি বিস্ময় প্রকাশ করে বলেন, “এ ধরণের চাপের মধ্যে তিনি আদৌ নির্বাচন পরিচালনা করতে পারবেন কি না। এ পর্যন্ত তার কোনো কার্যকর পদক্ষেপও আমাদের চোখে পড়ছে না।”
