আ. লীগের অযৌক্তিক দাবির কাছে দেশ নতি স্বীকার করতে পারে না: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের অযৌক্তিক দাবীর কাছে দেশ নতি স্বীকার করতে পারে না। তারা নানা দাবী তুলে দেশে অশান্তির সৃষ্টি করতে চাচ্ছে। তারা নির্বাচন বয়কট ও বানচালের ষড়যন্ত্র করছেন।
নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার রাত পৌনে আটটায় সাংবাদিকদের সাথে আলাপকালে খালেদা জিয়া একথা বলেন।
খালেদা আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী ক্ষমতা ছেড়ে জনগণের কাতারে এসেছি। সাধারণ মানুষের সাহায্য নিয়ে নির্বাচনের মাধ্যমে আবার আমরা ক্ষমতায় ফিরে যাব।’
এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগের দাবী অনুযায়ী বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়নি। তাহলে তো তাদের আর কোন দাবী থাকার কথা নয়।
বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বভার গ্রহণ করেছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য।
প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবি প্রসঙ্গে খালেদা বলেন, তারা যখন ক্ষমতায় ছিল তখনকার সিইসি পরিবর্তনের দাবি আমাদেরও ছিল। কারণ তিনি ছিলেন দলীয় লোক। কিন্তু এখনকার সিইসি কোন দলীয় লোক নন, তিনি নিরপেক্ষ ব্যক্তি। প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবেই এই পদে আছেন।
অপর এক প্রশ্নের জবাবে খালেদা বলেন, ২৭ অক্টোবর থেকে তিনদিন ধরে আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। মানুষ হত্যা করেছিল। কিন্তু জনগণ তাদের সমর্থন করেনি। কোন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা নির্দেশ দিয়ে এভাবে মানুষ হত্যা করতে পারে না।
এ সময় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান, নজরুল ইসলাম খান, সাদেক হোসেন খোকা, লুৎফুজ্জামান বাবরসহ সিনিয়র নেতারা তাঁকে স্বাগত জানান। এসময় তিনি সিনিয়র নেতা ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ার পর এই প্রথম তিনি কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করলেন। দলীয় চেয়ারপারসনের আগমন উপলক্ষে নয়া পল্টন কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক কর্মীর সমাবেশ ঘটে।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে সরকারের দায়িত্ব পালনের সুবাদে এই কার্যালয়ে মাত্র দু‘দিন তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছিলেন।
