২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়: ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের ওপর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল যেভাবে একের পর এক দাবিনামা চাপাচ্ছে তাতে করে মনে হচ্ছে তারা নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 07:52 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, সংলাপে ১৪ দলের একটি দাবি ছিল। তা হচ্ছে প্রধান উপদেষ্টার পদে বিচারপতি কে এম হাসানের নিয়োগ নিয়ে। এখন তারা ইচ্ছামতো একের পর নিয়োগ বাতিল, উপদেষ্টা নিয়োগ ও দপ্তর বন্টনের দাবি জানাচ্ছে। তিনি বলেন, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকারের কোন প্রয়োজনই নাই। তাদেরকে বসিয়ে দিলেই হয়।

মান্নান ভূঁইয়া বলন, ‘আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। যাতে আওয়ামী লীগসহ সবাই আমরা অংশ নিতে পারি। এতকিছুর পরও ১৪ দলের নেতাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আমি আশা করি।’

জোট সরকারের আমলে অনুমোদন পাওয়া টিভি-রেডিও বন্ধ করার ব্যাপারে সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনাব মান্নান বলেন, ‘যদি সব টেলিভিশন ও পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি সব সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারিদের বেতনভাতার ব্যবস্থা করতে পারে তাহলে আপনারাই (সাংবাদিকরা) ভেবে দেখুন।’

এ প্রসঙ্গে মান্নান ভূঁইয়া আরও বলেন, আওয়ামী লীগের ঐতিহ্য আছে পত্রপত্রিকা বন্ধ করে দেওয়ার। বাকশাল আমলে এরকমটিই হয়েছিল।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব তারেক রহমান, নজরুল ইসলাম খান, মফিকুল হাসান তৃপ্তি, বরকতউল্লাহ বুলু, আহমেদ মুসা ও নিতাই রায়চৌধুরী প্রমুখ।