২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার নেতার হত্যাকাণ্ড জাতিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ: শেখ হাসিনা

আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন সরকারের চার জাতীয় নেতার হত্যাকাণ্ড ছিল জাতিকে নেতৃত্বশূন্য করার গভীর ষড়যন্ত্রের অংশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ধারাবাহিকতায় এ জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

শুক্রবার জেলহত্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একথা বলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।

শেখ হাসিনা অভিযোগ করেন, যে অপশক্তি হত্যাকারীদের আইনের হাত থেকে রক্ষা করতে বাধার সৃষ্টি করেছিল সেই একই অপশক্তি নৈরাজ্য ও নাশকতার মাধ্যমে আজও দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার অবৈধভাবে পুনরায় ক্ষমতা কুক্ষীগত করার লক্ষ্যে নিজেদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল। জনগণের দুর্বার আন্দোলনের মুখে বিএনপি-জামায়াত জোটের সে চক্রান্ত পূরণ হয়নি।’

শেখ হাসিনা তার বাণীতে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন।

এ বছর দিবসটি পালনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো চার নেতার মাজারে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।