২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে নিহত ২

উপজেলা সদরে বৃহস্পতিবার বিএনপির সদ্য সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ডা:এম কামরুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই স্থানীয় শিবির সভাপতি শাহজাহানসহ (২৫) দুজন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ২৫ জন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 05:22 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই সংঘর্ষে চলে। সে সময় ডা: কামরুজ্জামানের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগসহ উভয়পক্ষের সমর্থকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় জামায়াত-শিবির ও ডা: কামরুজ্জামানের কর্মী-সমর্থকরা ঐক্যবদ্ধভাবে গফুর ভূঁইয়াকে লাঞ্ছিত করে।

এই ঘটনার জের ধরে গফুর ভূইয়ার কর্মীরা বৃহস্পতিবার স্থানীয় বিএনপি কার্যালয় ভাংচুর করে। এর পরপরই কামরুজ্জামানের কর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টার দিকে শাহজাহান ও অজ্ঞাত পরিচয়ের এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। শাহজাহান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়।

কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আহতদের স্থানীয় উপজেলা কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।