২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টারা সরে যেতে বললে ভেবে দেখবো: সিইসি

পদত্যাগের প্রশ্নে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা অনুরোধ করলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ তা ভেবে দেখবেন। তবে উপদেষ্টারা এখনো তার সঙ্গে যোগাযোগ করেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 05:01 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার দিনভর অপেক্ষার পর বিকাল ৩ টায় সিইসি এম এ আজিজ তার কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন। উপদেষ্টারা বৃহস্পতিবার সকালেই সিইসির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের কাছে নানা অভিমত প্রকাশ করেন।

এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, ‘উপদেষ্টারা বললেই তো হবে না। সবাইকে মনে রাখতে হবে, এটি একটি সাংবিধানিক পদ। সংবিধান মেনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমি কাজ করে চলেছি।’

তিনি জানান, উপদেষ্টারা এখনো তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।

সিইসি বলেন, ‘যথাসময়ে হালনাগাদ ভোটার তালিকা হবে; নির্বাচনও হবে ঠিক সময়েই। এজন্য আমাদের যথেষ্ট প্রস্তুতিও আছে।

সিইসির পদত্যাগসহ নানা দাবিতে ১৪ দল নির্বাচন বর্জন করার হুমকি দিয়েছে; সেক্ষেত্রে ১৪ দলকে বাদ দিয়েই আদৌ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা-তা জানতে চাওয়া হলে সিইসি এম এ আজিজ বলেন, ‘আমার প্রত্যাশা, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে সকলেই নির্বাচনে অংশ নেবে। ইনশাল্লাহ, আমরা একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উপহার দেবো।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আই অ্যাম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট, অ্যাভরিবডি উইল জয়েন দ্য ইলেকশন।’

বিরোধী দলের দাবি অনুযায়ী ছবি সম্বলিত ভোটার তালিকার বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি কোনো মন্তব্য করতে চাননি।

সাংবাদিকরা পদত্যাগের বিষয়ে নানা প্রশ্ন শুরু করলে তিনি মাঝপথে তাদের থামিয়ে দিয়ে বলেন, ‘আপনারা সবসময়ে যদি একই প্রশ্ন করেন, তাহলে তো আমার একই উত্তর পাবেন। আমি তো এ প্রশ্নের জবাব বহুবার দিয়েছি। সব সময় একই প্রশ্ন করে তো লাভ নেই!’