২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে তাঁর বনানীর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 02:46 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, দুই দেশের মধ্যে বিরাজমান সুসম্পর্ক এবং বাংলাদেশের আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পারিস্থিতি নিয়ে দেশের জাতীয় নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হওয়ার অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি এরশাদের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং ভাইস চেয়ারম্যান গোলাম মসিহ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এরশাদ বলেন, জাতীয় পার্টি অবশ্যই যথাসময়ে নির্বাচনে অংশ নেবে এবং সেভাবেই প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘সব দল বা জোট নির্বাচনে অংশগ্রহণ করলে জাতীয় পার্টি বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেবে। তবে অন্য কোন জোট নির্বাচনে অংশগ্রহণ না করলে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর জাপা চেয়ারম্যান তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুহাম্মদ বিহিস্তি মনফারিদের সাথে সাক্ষাৎ করেন।

এদিকে আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় পার্টির বর্ধিথ সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সভার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।