২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের বক্তব্যে ক্ষুব্ধ নোমান জিডি করেছেন

চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি প্রদান ও অভদ্র মন্তব্য করার অভিযোগ এনে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

চট্টগ্রাম ক্লাবে বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নোমান একথা জানান।

নোমান বলেন, ‘আমি এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তবে মহিউদ্দিন চৌধুরীর ভয়ে আমি ভীত নই। তিনি তো একটি কাগুজে বাঘ।’

তিনি আরও অভিযোগ করেন, ‘তিনি (মহিউদ্দিন চৌধুরী) আমাকে উদ্দেশ্য করে যে ভাষা ব্যবহার করেছেন তা সন্ত্রাসের সর্বোচ্চ রূপ। গণতন্ত্র ও রাজনীতিতে এ ধরনের ভাষা কাম্য নয়।’

বিএনপির যুগ্ম মহাসচিব নোমান বলেন, ‘জনসমাবেশে দাঁড়িয়ে তিনি হুমকি দিয়েছেন রাজনীতি না ছাড়লে আমার ওপর বোমা হামলা করবেন।’

উল্লেখ্য, নোমান ও মহিউদ্দিন চৌধুরীর সম্পর্ক মামা-ভাগ্নের হলেও গত কয়েক দিন ধরে তারা একে অপরের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন।

অবশ্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোমান স্বীকার করেছেন যে, তাদের সম্পর্ক তেমন মধুর না হলেও খুব তেতো নয়।

নোমান অভিযোগ করেন, জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর মেয়র চট্টগ্রাম বন্দরের ওপর ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ড ও শান্তি নস্যাৎ করার পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা করতে না পেরে মেয়র ক্রমাগত তার বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছেন।