খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন বিউটেনিস
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া বিউটেনিস বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর সেনানিবাসের বাসভবনে সাক্ষাৎ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন নির্বাচন কমিশনসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকের সময় কাল ছিল প্রায় দেড় ঘন্টা।
বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপির সহসভাপতি এম মোরশেদ খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর দায়িত্বভার ছেড়ে দেয়ার পর এটিই কোনো বিদেশী রাষ্টুদূতের সঙ্গে খালেদা জিয়ার প্রথম বৈঠক।
বৈঠকের পর রাষ্ট্রদূত বিউটেনিস সাংবাদিকদের জানান, তারা বাংলাদেশে কোনো সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতিকে সমর্থন করেন না। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশ শান্তির পক্ষে। এখানে গণতন্ত্র অব্যাহত রাখতে তারা সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে। বিউটেনিস বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপির মতামতে সন্তোষ প্রকাশ করেন।
এম মোরশেদ খান জানান, ক্ষমতা হস্তান্তরের পূর্ব মুহূর্ত থেকে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল তাতে ২৪ জন মানুষের প্রাণহানির ঘটেছে। শান্তির পক্ষে অবস্থান গ্রহণে বিএনপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতও একমত পোষণ করেছেন।
