উপদেষ্টাদের দফতর বন্টন নিয়ে দিনভর অপেক্ষা
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হলেও উপদেষ্টাদের দফতর বন্টন হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র, সংস্থাপন ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাষ্ট্রপতির ওপর নানামুখী চাপ থাকায় রাষ্ট্রপতি দফতর বন্টনের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করে এগুচ্ছেন। তবে বুধবার রাতের মধ্যেই দফতর বন্টন হতে পারে বলে সূত্র আভাস দিয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা অবস্থাসহ দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের পর উপদেষ্টা লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে আমরা দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছি।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টার সম্মতি নিয়ে শিগগিরই দফতর বন্টন হবে।
অপর উপদেষ্টা স্কলাস্টিকা স্কুল ও কলেজের চেয়ারপারসন ইয়াসমিন মোরশেদ সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে দেশের মানুষের জন্য একটি নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে কাজ করছি। আমি আশাবাদী যে এ ব্যাপারে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারব।’
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তত্ত্বাবধায়ক সরকারের ১০ জন উপদেষ্টা শপথ নেন। ইতিমধ্যে ১৫ ঘন্টা অতিক্রান্ত হলেও উপদেষ্টাদের দফতর বন্টন হয়নি। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা উপদেষ্টাদের দফতর বন্টনের প্রজ্ঞাপন জারি করতে সব প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার আদেশের অপেক্ষায় আছেন।
এদিকে সাভার থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বুধবার বিকেল ৪ টার দিকে ১০ উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় স্মৃতিসৌধের গেইটের দু‘পাশে সাধারণ মানুষ দাঁড়িয়ে উপদেষ্টাদের করতালি দিয়ে অভিনন্দন জানান। তবে এ উপলক্ষে সাভারের আমিনবাজার থেকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়। মোনাজাত শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে উপদেষ্টারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
