১৯ পুলিশ শীর্ষ পদে রদবদল
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার দুই দিনের মাথায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং উপমহাপরিদর্শক পদমর্যাদার ১৯টি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে।
এর মধ্যে র্যাব এর ডিজি আজিজ সরকার ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ফররুখ আহমদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
র্যাব এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরীকে। এর আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া ঢাকা মহানগর পুলিশ, এসবি এবং সিআইডির শীর্ষ পদেও ব্যাপক রদবদল হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমানকে সরিয়ে তার জায়গায় চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি নাঈম আহমদকে।
এসএম মিজানুর রহমানকে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এসবির ডিআইজি ডক্টর মোহাম্মদ সাদেকুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ স্টাফ কলেজের পরিচালক নববিক্রম কিশোর ত্রিপুরাকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক, রেলওয়ে রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ সামসুদ্দোহা খন্দকারকে পুলিশ স্টাফ কলেজের পরিচালক, পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাসান মাহমুদ খন্দকারকে ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজি, পুলিশ সদর দপ্তর এবং খুলনার পুলিশ কমিশনার খান সাঈদ হাসানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
সিআইডির ডিআইজি নাজমুল হাসানকে খুলনার পুলিশ কমিশনার করা হয়েছে।
এছাড়া রংপুর পুলিশ প্রশিক্ষণ কলেজের কমান্ডেন্ট শেখ হেমায়েত হোসেন মিয়াকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি, খুলনা পুলিশ প্রশিক্ষণ কলেজের কমান্ডেন্ট মোখলেসুর রহমানকে এসবির ডিআইজি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি হুমায়ুন কবীরকে খুলনা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার ডাক্তার মোহাম্মদ আবদুর রহিমকে রংপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট, পুলিশ টেলিকমের সুপার মোহাম্মদ জিল্লুর রহমানকে সদর দপ্তরের অতিরিক্ত এআইজি এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (তৃতীয়) অধিনায়ক করা হয়েছে।
অপরদিকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী কামরুল আহসানকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে শপথ নেয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাঁর [রাষ্ট্রপতি] ‘নিরপেক্ষতা’ প্রমাণের জন্য ১১ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে আওয়ামী লীগ পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদলের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে । আগামী ৩ নভেম্বরের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার জন্য ‘আল্টিমেটাম’ দেন হাসিনা।
আওয়ামী লীগ সূত্র জানায়, হাসিনা তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে পুলিশের তিনটি কালো তালিকাও হস্তান্তর করেন।
তালিকা অনুযায়ী পুলিশের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, কিছু পুলিশ সদস্যকে ‘নিস্ক্রিয়’ পদে বদলি এবং কিছু পুলিশ সদস্যকে ওএসডি করার দাবি জানানো হয়।
