১৪ দলে যাচ্ছে বিএনপি জোট শরীক নেজামে ইসলামী পার্টি
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরীক বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি (বিএনআইপি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে যোগ দিতে যাচ্ছে।
বিএনআইপি চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘১৪ দলীয় জোটে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা কয়েকদিনের মধ্যেই যোগদানের ঘোষণা দেব।’
মুফতি ইজহারুল মঙ্গলবার শেখ হাসিনার বাসভবন সুধা সদনে তার সাথে সাক্ষাৎ করেন। সে সময় অনুষ্ঠিত বৈঠকে ১৪ দলে যোগ দেয়া নিয়ে হাসিনার সাথে তার কথা হয়।
বৈঠক শেষে মুফতি ইজহারুল সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দামবৃদ্ধি, চরম বিদ্যুৎ সংকট ও দুর্নীতি দমনে চার দলীয় জোটের ব্যর্থতার কারণে তারা জোট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জেতার জন্য আমরা পরস্পরকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’
ক্ষমতায় থাকার সময় তারা কেন জোট ত্যাগ করলেন নাÑ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুফতি ইজহারুল বলেন, সে সময় তারা বিষয়গুলো জোটকে বোঝানোর ‘চেষ্টা’ করেছেন। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মুহম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, নেজামে ইসলামী নেতাদের তারা স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সত্যিকারের ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আর এ কারণে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে অংশ নেওয়ার জন্য হাসিনা তাদের আহ্বান জানিয়েছেন।’
গত বছরের ১০ এপ্রিল মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি অংশের বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে চার দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট আনুষ্ঠানিকভাবে ভেঙ্গে যায়।
এখন চার দলীয় জোট থেকে বেরিয়ে আসার ব্যাপারে ইজহারুল ইসলাম চৌধুরীর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে কেবল ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন অংশটিই বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে থেকে যাবে।
