২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশার ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে ১৪ দলের বিক্ষোভ

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশার ওপর শিবির ও ছাত্রদল ক্যাডারদের বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ১৪ দল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিকেল সাড়ে ৪ টায় মহানগর আওয়ামী লীগের সহ--সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, জাসদের মহানগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জেলার সম্পাদক জুলফিকার মান্নান জামি, মহানগর আয়ামী লীগের যুগ্ম--সম্পাদক নওশের আলী, ন্যাপ জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, শিবির ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে ফজলে হেসেন বাদশার ওপর বোমা হামলা চালিয়েছিল। জামাত--শিবির ও বিএনপি ক্ষমতা থেকে যাবার পরও ক্ষমতার দাপট দেখিয়ে অস্ত্রবাজি চালিয়ে যেতে চায়। তাই রাজশাহীতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সহ্য করতে না পেরে বোমাবাজি ও অস্ত্রবাজি করছে।

বক্তারা আরও বলেন, ‘৭১-এ বাংলার মানুষ রাজাকারদের পরাজিত করেছিল। এবার বাংলার মাটি থেকে রাজাকার বে-ঈমানদের উৎখাত করবে।’

সমাবেশে বক্তারা বাদশাসহ ১৪ দলের নেতাকর্মীদের উপর বোমা ও গুলি বর্ষণের ঘটনার নায়কদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া সোমবারের ব্যবহার করা অস্ত্র উদ্ধারেরও দাবি জানান তারা।