ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের সঙ্গে সহাবস্থান হতে পারে না: ছাত্রদল সভাপতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান সম্পর্কে ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল ছাত্রলীগকে ইঙ্গিত করে বলেছেন, সন্ত্রাসের সাথে ক্যাম্পাসে সহাবস্থান হতে পারে না।
মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
সারাদেশে আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে উদ্ভুত পরিস্থিতিতে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল। সংবাদ সম্মেলনে নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্রশিবিরের ৪ ঠা নভেম্বর মুক্তাঙ্গনে আয়োজিত যৌথ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে ছাত্রদল ও ছাত্রশিবির তত্ত্বাবধায়ক সরকারের কাছে সারাদেশে হত্যাযজ্ঞের হোতা আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এদিকে, সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সভাপতি শফিকুর রহমান মাসুদ গত কয়েকদিনে ১৪ দলের সঙ্গে জামাত-শিবিরের কর্মীদের সংঘর্ষের সময় শিবিরের অস্ত্র ব্যবহারের ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করে বলেন, শিবির কখনো অস্ত্র রাজনীতি করে না। তিনি ডেইলী স্টার ও যুগান্তর পত্রিকার ছবি দেখিয়ে বলেন, এতে দেখা যায় জামাত শিবিরের অবস্থানকারীদের ওপর উল্টো দিক থেকে গুলিবর্ষণ করা হচ্ছে। অর্থাৎ তাদের উপর হামলা করা হচ্ছে।
ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল বলেন, ছাত্রলীগের রাজনীতি অস্ত্র ও বোমাবাজির রাজনীতি। গত দুই মাস তারা ক্যাম্পাসে বোমাবাজি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন, আগামীতে যারাই রাজনীতির নামে হত্যা, ধ্বংসযজ্ঞ করবে ছাত্রদল এবং ছাত্রশিবির এর সমুচিত জবাব দেবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।
