২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় ভূগছে অভিভাবকহীনতায়

ঈদের ছুটির পর সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি বাড়লেও মঙ্গলবার পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম শুরু হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 06:03 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিরোধী দলের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কারণে মঙ্গলবার সচিবালয়ে কর্মরত -- কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু উপদেষ্টা না থাকায় মন্ত্রণালয়গুলোতে তেমন কোন কাজ হয়নি। তবে মন্ত্রিপরিষদ বিভাগ, সংস্থাপন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু কিছু কাজ হয়েছে।

এদিকে সরকার দায়িত্ব হস্তান্তরের পর থেকে সচিবালয়ে বিক্ষুব্ধ পদোন্নতি বঞ্চিত ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) ভিড় ক্রমেই বাড়ছে।

বিদায়ী সরকারের অনুসারী কর্মকর্তা ও কর্মচারিদের নেতাদের মহড়ার পাশাপাশি বঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভে সচিবালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে। এ নিয়ে যে কোন মুহূর্তে বড় ধরনের বিশৃঙ্খলার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

রোববার রাতে জোট সরকার ক্ষমতা হস্তান্তরের পর থেকে মঙ্গলবার পর্যন্ত কোন মন্ত্রণালয়ের জন্য উপদেষ্টা নিযুক্ত না হওয়ায় সচিবালয়ের কাজকর্মে মন্থরতার সৃষ্টি হয়েছে বলে কর্মকর্তারা মনে করছেন।

সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী সচিবালয়ে স্বাভাবিক কাজকর্ম না হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আজকের (মঙ্গলবার) মধ্যে উপদেষ্টা নিযুক্ত হলে সচিবালয়ের কাজকর্ম আবার স্বাভাবিক হয়ে আসবে। আমরাও নতুন অভিভাবক পেয়ে বাড়তি দায়িত্ব থেকে মুক্ত হবো।’

এদিকে সোমবার গভীর রাতে বদলীর আদেশ পাওয়া সচিবদের মধ্যে এসএম জহরুল ইসলাম মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলী হওয়া স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন দুপুর পর্যন্ত তার আগের দপ্তরেই ছিলেন।

এদিকে মঙ্গলবারও পদোন্নতি বঞ্চিত এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তারা মন্ত্রণালয়ের সামনে বারান্দায় ভিড় করেন। এসময় পুলিশ মোতায়েন করা হলেও তেমন কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি।

পদোন্নতি বঞ্চিত ও ওএসডি কর্মকর্তা সাবেক বিরোধী দলীয় নেত্রীর সহকারী একান্ত সচিব আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী সাংবাদিকদের জানান, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করা হয়েছে। দলের ক্যাডারদের দিয়ে প্রশাসন চালানো হচ্ছে। তাই তারা বঞ্চিত ও ওএসডি হওয়া যোগ্য ও নির্দলীয় পেশাদার লোকদের ভয় পাচ্ছে। তারা পেশাদার লোকদের সহ্য করতে পারছে না। তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভূগছেন।

তবে সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী নিজে কোন দলের লোক নন দাবি করে বলেন, পদোন্নতি বঞ্চিত ও ওএসডি কর্মকর্তাদের বিষয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে তিনি কথা বলেছেন। প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার ফাইলসহ তথ্য-উপাত্ত চেয়েছেন। শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে ফাইল উপস্থাপনের প্রস্তুতি চলছে বলে জানান।

আগামী ১০ থেকে ১৫ দিনের এ বিষয়ে সুবিবেচনাপ্রসুত সিদ্ধান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।