২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ নয়, এ মুহূর্তে শুধু নির্বাচনের কথাই ভাবছেন সিইসি

পদত্যাগ নয়, এ মুহূর্তে শুধু নির্বাচনের কথাই ভাবছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

পদত্যাগের প্রশ্নে সিইসি বলেছেন, ‘এ মুহূর্তে আমি শুধু নির্বাচনের কথাই ভাবছি। আগামী জানুয়ারিতে যথা সময়েই নির্বাচন হবে। যদি আমি মনে করতাম, আমি সঠিক কাজ করছি না, তাহলে আমি অনেক আগেই সরে দাঁড়াতাম।’

মঙ্গলবার দিনভর অপেক্ষার পর বেলা ৩ টার দিকে তিনি তাঁর কক্ষে সাংবাদিকদের একথা বলেন। মাস দুয়েক পর সিইসি সাংবাদিকদের কাছে মুখ খুললেন।

তিনি বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার প্রধান আমাকে বলেছেন, আপনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্ত কার্যক্রম চালিয়ে যান। আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

সিইসিসহ অপর তিন নির্বাচন কমিশনারের পদত্যাগের আন্দোলন প্রসঙ্গে তার দৃষ্টি আকর্ষণ করা হলে আজিজ বলেন, ‘এটি একটি সাংবিধানিক পদ। সংবিধান অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। আমি জাতিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে চাই। ’

তিনি আরো বলেন, ‘আমি রাজনীতিক নই। তাই রাজনৈতিক প্রশ্ন আমাকে করবেন না। কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা বলছি না। রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধামতো কথা বলে।’

নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টি তিনি নাকচ করে দিয়ে বলেন, একটি জাতীয় নির্বাচন আয়োজনের জন্য এখন সময় খুব কম। এর বাইরে অন্য কিছু ভাবার অবকাশ নেই।

নির্বাচনের আগে প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে কি না জানতে চাওয়া হলে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার প্রধানের কাছে একটি প্রস্তাবনা দিয়েছে। সেটি এখন বিবেচনাধীন রয়েছে। এ কারণে এখন কিছু করা সম্ভব নয়। এরই মধ্যে রাজনৈতিক অস্থিরতায় অনেক সময় নষ্ট হয়ে গেছে।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমি প্রত্যাশা করি, সকল রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেবে। সবাই দেশকে ভালবাসে; সকলেই চায় দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।’

পদত্যাগ বা সংস্কারের প্রশ্নে নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানও কোনো মন্তব্য করতে চাননি। বেলা আড়াইটার দিকে তার কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, কমিশনারের পদটি সাংবিধানিক। সংবিধান ও আইন অনুযায়ী কমিশনের কাজ যথারীতি চলছে।

অপর দুই কমিশনার স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর সংবাদিকদের সাক্ষাতই দেননি। কমিশনার হাসান মনসুর একান্ত সচিবের মাধ্যমে সাংবাদিকদের বলে পাঠান, এক সপ্তাহ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না।